২৬ দিনেও হদিস মেলেনি, র্যাবকে দুষছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ২৬ দিনেও কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রকিবুল ইসলামের কোনো খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরাই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। এখন তাঁরা তা অস্বীকার করছে। তবে র‌্যাব বলছে, এ অভিযোগ ভিত্তিহীন। তারা কাউকে তুলে নেয়নি।
রকিবুলের পরিবারের সদস্যরা জানান, গত ২৯ মার্চ ভোরে র‌্যাবের সদস্যরা নগরের বাদুরতলা এলাকার একটি বাসা থেকে রিভলবারসহ এনামুল নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন। পরে এনামুলকে নিয়ে তাঁরা নগরের মুনসেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা কাজী আবদুল মতিনের বাড়ি যান। সেনা কর্মকর্তার ছেলে রকিবুলকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাঁকে মাইক্রোবাসে তোলা হয়। তখন ওই মাইক্রোবাসে এনামুলও বসেছিলেন। র‌্যাব-১১ কুমিল্লার ডিএডি জাহাঙ্গীর আলম এনামুলকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু রকিবুলকে থানায় হস্তান্তর করা হয়নি। শাকতলা র‌্যাবের কার্যালয়ে ও কোতোয়ালি মডেল থানায় একাধিকবার যোগাযোগ করেও রকিবুল সম্পর্কে কোনো তথ্য পায়নি তাঁর পরিবার।
এ ঘটনায় রকিবুলের স্ত্রী ফারজানা আক্তার ৩১ মার্চ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২ এপ্রিল তাঁর পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। এ সময় রকিবুলের স্ত্রী কলেজশিক্ষক ফারজানা দাবি করেন, ‘র‌্যাবের সদস্যরা বাসার দরজায় শব্দ করেন। একপর্যায়ে আমার শ্বশুর দরজা খুলে দেন। পরে রকিবুলকে তুলে নিয়ে যায় র‌্যাব।’
রকিবুলের মা আনোয়ারা বেগম গতকাল বুধবার বলেন, ‘আমার ছেলেকে র‌্যাবের লোকজন ঘুম থেকে তুলে সবার সামনে দিয়ে নিয়ে গেছে। আর এখন বলছে, ওই বাহিনীর সদস্যরা কিছুই জানেন না। র‌্যাব-১১ আমার ছেলেকে নিয়ে গেছে, তাঁদেরই ফেরত দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘একই মাইক্রোবাসে থাকা এনামুলকে র‌্যাব কোতোয়ালি থানায় হস্তান্তর করল কিন্তু আমার ছেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পরিষ্কার করেনি। এ ঘটনা থেকেই আমরা নিশ্চিত র‌্যাবই আমার ছেলেকে তুলে নিয়ে গেছে।’
এ বিষয়ে গতকাল বিকেলে মুঠোফোনে জানতে চাইলে, র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর শাহেদ হাসান প্রথম আলোকে বলেন, ‘পরিবারের এ অভিযোগ ভিত্তিহীন। র‌্যাব কাউকে তুলে আনেনি। রকিবুলের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। নারায়ণগঞ্জে র‌্যাব-১১-এর কার্যালয়ে তাঁর বাবা অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’