টিভি চ্যানেলের টক শোতে অংশ নেওয়া আলোচকদের ওপর সাম্প্রতিক সময়ে হামলা ও হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ১০ জুন কারওয়ান বাজার এলাকায় তুহিন মালিকের গাড়িতে সশস্ত্র হামলায় গাড়িচালক আহত হন। ঘটনার সময় তুহিন মালিক ওই এলাকায় একটি টিভি চ্যানেলের টক শোতে ছিলেন। হামলাকারীরা তাঁকে না পেয়ে গালাগাল করে ও হত্যার হুমকি দেয়। তুহিন মালিক যেন ভবিষ্যতে টক শোতে অংশ না নেন, সেই হুমকিও তারা দিয়ে যায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিয়াস করিমকে টক শোতে অংশ না নিতে টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকেও নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। বিবৃতিদাতারা বলেন, সন্ত্রাসী তৎপরতা মতপ্রকাশের অধিকার ও ব্যক্তির স্বাধীনতার প্রতি আঘাত। ব্যক্তিগত নিরাপত্তার জন্যও হুমকি। টক শোতে মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে। হুমকি-ধমকি দিয়ে টক শোতে অংশ নেওয়া থেকে তাঁদের বিরত রাখা যাবে না। বিবৃতিদাতাদের মধ্যে আছেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, প্রবীণ আইনজীবী রফিক-উল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, মতিউর রহমান চৌধুরী, রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, আইনজীবী শাহদীন মালিক, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আফসান চৌধুরী ও নূরুল কবীর, শিক্ষাবিদ পিয়াস করিম ও আসিফ নজরুল, সাংসদ গোলাম মাওলা রনি, ব্যাংকার মামুন রশীদ, শিক্ষাবিদ আমেনা মহসিন প্রমুখ। বিজ্ঞপ্তি।