২৬ পাটকলে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসানে ভারাক্রান্ত সরকারি পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানি করা নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি ২৬টি পাটকলের শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন। ১৫ দিন ধরে তাঁদের প্রতিবাদ কর্মসূচির কারণে পাটকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) হোল্ডিং কোম্পানি করার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৬টি পাটকলের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (সিবিএ) সরকারকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিজেএমসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ থেকে সব পাটকলে ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
বিজেএমসি সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে বিজেএমসি প্রায় ৪০০ কোটি টাকা লোকসান গুনেছে, ৭০০ কোটি টাকার পাটজাত সামগ্রী অবিক্রীত রয়েছে। পাট ব্যবসায়ীদের ২৫০ কোটি টাকা এখনো বকেয়া। দুই সপ্তাহ ধরে প্রায় ৭০ হাজার শ্রমিকের বেতন বন্ধ। আর অর্থাভাবে ঈদ বোনাস অনিশ্চিত হয়ে পড়েছে।
এই যখন সরকারি পাটকলগুলোর অবস্থা, তখন হোল্ডিং কোম্পানি নিয়ে শুরু হয়েছে অস্থিরতা। বিজেএমসির পক্ষ থেকে সরকারি পাটকলগুলোর দেনা পরিশোধ, পাট কেনা, শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ৫০০ কোটি ও দীর্ঘ মেয়াদে এক হাজার ২০০ কোটি টাকা চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হোল্ডিং কোম্পানি করা না হলে ওই টাকা পাওয়া যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, সরকারি পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করার সিদ্ধান্ত তাত্ত্বিকভাবে ভালো শোনালেও প্রায়োগিকভাবে তা বেশ কঠিন। কেননা, সরকারি ব্যাংকগুলোকে কোম্পানি করার অভিজ্ঞতা ভালো নয়। এর ফলে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হয় না এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের আশঙ্কা রয়ে যায়।
যোগাযোগ করা হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘পাটকলগুলোতে হোল্ডিং কোম্পানি করার বিষয়টি এসেছে অর্থ মন্ত্রণালয়ের শর্তের পরিপ্রেক্ষিতে। আমরা বিষয়টি নিয়ে বিজেএমসির সঙ্গে আলোচনা করছি। তবে সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে পাট খাত ক্ষতিগ্রস্ত হয় এবং শ্রমিক চাকরি হারায়।’
এদিকে গত বুধবার বিজেএমসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব ফণীভূষণ চৌধুরী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে পরিস্থিতি ব্যাখ্যা করেন। তাঁরা সরকারকে দ্রুত ৫০০ কোটি টাকা ছাড় করার জন্য অনুরোধ করেন।
কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, ২০১১ সালে সরকারি ব্যাংকগুলোর কাছে পাটকলগুলোর প্রায় তিন হাজার কোটি টাকা বকেয়া পাওনা মওকুফ করে দেয় সরকার। এ ছাড়া পাটকলগুলো চালাতে ও বন্ধ পাটকল চালু করতে ৫০০ কোটি টাকার একটি তহবিলও দেওয়া হয়। ওই তহবিল দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয় যে বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বিজেএমসির এ বিষয়ে সমঝোতা স্মরকও সই হয়।
ওই অর্থ পাওয়ার পর ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত বিজেএমসি ২২১ কোটি টাকা ব্যয়ে পাঁচটি বন্ধ পাটকল চালু করে। এরপর সরকারি পাটকলগুলো ১৯ কোটি ৫৩ লাখ টাকা মুনাফা করলেও আবার লোকসানের মুখে পড়ে। লোকসান বাড়তে বাড়তে এ বছর ৪০০ কোটি টাকায় ঠেকেছে।
সাবের হোসেন চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পাটকলগুলো আধুনিকায়ন করে এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের সুযোগ রেখে চালু করলে লোকসান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। তবে আপাতত শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস ও পাট কেনার অর্থ দ্রুত ছাড় করতে হবে। এ জন্য অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তবে বিজেএমসিকে হোল্ডিং কোম্পানি করার বিষয়টি এখন পর্যন্ত সংসদীয় কমিটির কাছে তোলা হয়নি।
লাভ-ক্ষতি: মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হোল্ডিং কোম্পানি করা হলে ২৬টি পাটকলের ৪৯ শতাংশ শেয়ার বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। ফলে পাটকলগুলোকে নিজস্ব আয় ও সম্পদ দিয়ে চলতে হবে। এ ক্ষেত্রে গণছাঁটাইয়ের আশঙ্কা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিজেএমসির সিবিএ সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, বিজেএমসিকে হোল্ডিং কোম্পানিতে পরিণত করা হবে আত্মঘাতী। এর ফলে পাটকলগুলো নিয়ে ‘হোল্ডিং বাণিজ্য’ সৃষ্টি হবে।