ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে চার লাখ সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক তিনটি পরিদর্শনমূলক বাজার অভিযানে এই জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।গতকাল অধিদপ্তরের অভিযানে রাজধানীর সাতমসজিদ রোডের উৎসব কাবাব অ্যান্ড রেস্তোরাঁ ও অলিম্পিক প্যালেস রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সংরক্ষিত মোড়কজাত পণ্যে খুচরা মূল্য না থাকায় স্টার কাবাব, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে যমুনা ফামের্সি, ড্রাগ স্টোর, ডে অ্যান্ড নাইট ফার্মেসিসহ পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার দৌলতপুর ও নিউমার্কেট এলাকার তিনটি ওষুধ ও দুটি কসমেটিকসের দোকান, একটি হোটেল ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপপরিচালক মো. জুবায়ের আহমেদের নেতৃত্বে চট্টগ্রাম শহরের ১৩টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় বিভিন্ন ধারায় অভিযুক্ত করে এক লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক তিনটি অভিযানেই ক্যাব, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও র্যাব সহায়তা করে। বিজ্ঞপ্তি।