২৬ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া, নীলফামারীর সৈয়দপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ফরিদপুরে গত শনি ও গতকাল রোববার ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এসব স্থানের ২৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল আদালত ভেজা পাট বিক্রির দায়ে ফরিদপুরে আট কৃষককে নয় হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ডুমুরিয়া (খুলনা): অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উত্পাদন ও অনিয়মের অভিযোগে উপজেলার মিকশিমিল এলাকার গাজী ফুডসকে ১০ হাজার, আন্দুলিয়া এলাকার বিসমিল্লাহ বেকারিকে পাঁচ হাজার, মায়ের দোয়া বেকারিকে তিন হাজার ও ইব্রাহিম বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন গত শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। সৈয়দপুর (নীলফামারী): খাবার অনুপযোগী খেজুুর বিক্রি এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ দিয়ে লাচ্ছা তৈরি ও বাজারজাত করায় শহরের রেলওয়ে মার্কেট ও ফল মার্কেটের চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সালাহউদ্দিন। প্রতিষ্ঠানগুলো হলো, আবদুল ফল ভাণ্ডার, রায়হান স্পেশাল চয়েজ লাচ্ছা, তাজা লাচ্ছা ও বসুন্ধরা সুপার লাচ্ছা। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা পৌর এলাকার পুরাতন বাজার, নতুন বাজার, শীতলপাড়া, কুটি চৌমহিনী এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন দোকানমালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমদ কবীর। এ সময় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও তালের রসের তৈরি ভেজাল মিষ্টি পানিতে ফেলে দেওয়া হয়।ফরিদপুর: অনুপযুক্ত লোক দিয়ে কাজ করানোর অভিযোগে শহরের সমরিতা জেনারেল প্রাইভেট হাসপাতালের মালিক মহসীন শরিফকে পাঁচ হাজার ও অপরিষ্কার পরিবেশে কাজ করার দায়ে দেশ ক্লিনিকের মালিক আহম্মেদ বারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও শাহরিয়ার মতিন যৌথভাবে গতকাল সকালে এ অভিযানের নেতৃত্ব দেন। ভেজা পাট বিক্রির অভিযোগে ফরিদপুর সদরের কানাইপুর পাটবাজারে অভিযান চালিয়ে আটজন কৃষককে নয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন।