২৬ প্রার্থীর মধ্যে 'স্বশিক্ষিত' 'স্বাক্ষরজ্ঞানসম্পন্ন' পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হবিগঞ্জের চারটি আসনে মোট ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এই ২৬ জন প্রার্থীর মধ্যে পাঁচজনই ‘স্বশিক্ষিত’ ও ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ প্রার্থী। আছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস চারজন। বিএ, বিকম ও এলএলবি পাস করা প্রার্থী রয়েছেন ১০ জন। এমএ, এমকম পাস আছেন পাঁচজন। আরও আছেন এমবিবিএস ও পিএইচডিধারী প্রার্থী দুজন।
হবিগঞ্জ-১ আসন: নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত এ আসন। এখানে ছয়জন প্রার্থীর মধ্যে একজন নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী চৌধুরী ফয়সল শোয়েব। কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক এমএ পাস। বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়া শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন ‘জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন, যুক্তরাজ্য’। আওয়ামী লীগের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ বিকম পাস। জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান বিএসসি এবং জাতীয় পার্টির বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মুনিম চৌধুরী এইচএসসি পাস।
হবিগঞ্জ-২ আসন: বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসন। মোট প্রার্থী ৯ জন। জাতীয় পার্টির প্রার্থী শংকর পাল নিজেকে ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল জামাল মসউদ হাসান ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। ন্যাশনাল পিপলস পার্টির পরেশ চন্দ্র দাস দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ ও স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ বিএ পাস। জমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী ও খেলাফত মজলিসের প্রার্থী আবদুল বাসিত আজাদ দাওরায়ে হাদিস পাস। আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ খান বিকম এবং বিএনপির আবু মনসুর সাখাওয়াত হাসান এমবিবিএস পাস।
হবিগঞ্জ-৩ আসন: হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে এ আসন। এখানে প্রার্থী আছেন মোট সাতজন। তাঁদের মধ্যে ছয়জনই স্নাতক পাস। তাঁরা হলেন বর্তমান সাংসদ আওয়ামী লীগের মো. আবু জাহির, বিএনপির জি কে গউছ ও মো. এনামুল হক (সেলিম), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, গণফোরামের চৌধুরী আশরাফুল বারী নোমান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পীযূষ চক্রবর্তী। এ ছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মুহিব উদ্দিন আহমেদ সোহেল এমকম পাস।
হবিগঞ্জ-৪ আসন: চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এ আসন। এখানে চারজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মো. সামছুল আলম শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন ‘ক্বারিয়ানা পাস’। বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের প্রার্থী মো. মাহবুব আলী এলএলবি, বিএনপির প্রার্থী এস এম ফয়সল এমএ-এলএলবি পাস। আর খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের পিএইচডি ডিগ্রিধারী।
হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ বলেন, ‘সব ক্ষেত্রেই শিক্ষার মানদণ্ড রয়েছে। কিন্তু সংসদ সদস্য প্রার্থী হওয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো নীতিমালা নেই। ফলে যে কারও প্রার্থী হওয়ার সুযোগ আছে। যাঁরা দেশের আইন তৈরি করবেন, তাঁরাই যদি শিক্ষিত
না হন তা হলে তো আমাদের জাতি হিসেবে পিছিয়ে পড়তে হবে।’