২৬ ফেব্রুয়ারি খাদিজাকে আদালতে সাক্ষ্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

কলেজছাত্রী খাদিজা বেগম অসুস্থতার জন্য সিলেট আসতে না পারায় হত্যাচেষ্টা মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ হয়নি। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। ওই দিন খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে হবে।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার মামলার আসামি বদরুল আলমের উপস্থিতিতে খাদিজার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু খাদিজা আদালতে উপস্থিত হওয়ার মতো সুস্থ না থাকায় তাঁর পক্ষে আদালতে হাজির হওয়ার সময় বাড়ানোর আবেদন করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক সাক্ষ্য গ্রহণ প্রায় দেড় মাস পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, খাদিজা বর্তমানে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসকের বরাত দিয়ে খাদিজার শারীরিক ও মানসিক অবস্থার দিক বিবেচনা করে আদালতের কাছে আরও এক মাসের সময় চাওয়া হয়। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলির সঙ্গে কথা বলে খাদিজার চাচা ও মামলার বাদী আবদুল কুদ্দুসের মাধ্যমে এ আবেদন জানানো হয়।

খাদিজা হত্যাচেষ্টা মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালতের তিনটি কার্য দিবসে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। খাদিজা ছাড়া আরও দুজনের সাক্ষ্য দেওয়া বাকি। তবে এর মধ্যে খাদিজাই গুরুত্বপূর্ণ সাক্ষী। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বাদীপক্ষকে স্বেচ্ছায় আইনি সহায়তা দেওয়া বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি খাদিজাকে ঘিরে ঘটেছে। মূল ভিকটিমও তিনি। ন্যায়বিচারের স্বার্থে আদালত ভিকটিমের কথা শুনতে চান। একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে খাদিজাকে আদালতে এসে সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে বিচারকার্য পরিপূর্ণতা পাবে। তাই আমরাও চাই খাদিজা আদালতে এসে নিজের ওপর সেই নৃশংসতার বর্ণনা যেন দেন।’

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে গত বছরের ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম।