২৬ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনধ্বংসী রামপাল বিদ্যুেকন্দ্রসহ দুর্নীতি ও অস্বচ্ছ জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো বাতিলসহ সাত দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
আজ শনিবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
২৬ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে প্রতিবাদ ও দাবি সমাবেশ ডেকেছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য কল্লোল মুস্তফা বলেন, ‘সুন্দরবন ধ্বংসের রামপাল প্রকল্প বাতিলের জনদাবি সরকার উপেক্ষা করেছে। একে অগ্রাধিকার প্রকল্প নির্ধারণের মাধ্যমে দেশি-বিদেশি ভূমি দখলদারদের মুনাফার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। এই প্রকল্প সুন্দরবনের অসাধারণ জীববৈচিত্র্য ধ্বংস করবে। ভারতীয় কোম্পানি এনটিপিসি নিজেদের দেশের আইন ভঙ্গ করে বাংলাদেশের সর্বনাশ করতে এই প্রকল্পে যুক্ত হচ্ছে। তাদের মুনাফার জোগান দিতে গিয়ে আমাদের তিনগুণ বা তার অধিক দামে বিদ্যুত্ কিনতে হবে।’

লিখিত বক্তব্যে বলা হয়, একদিকে রামপাল বিদ্যুত্ প্রকল্প করে সুন্দরবনকে হত্যার আয়োজন চলছে আর অন্যদিকে বিদ্যুেকন্দ্র সামনে রেখে ভূমিদস্যুদের নানা রকম প্রকল্প তৈরি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুত্ ও জ্বালানিসংকট নিরসনের নামে দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার বার বার দেশের জন্য সর্বনাশা পথ গ্রহণ করছে। সুন্দরবন-কৃষিজমি-শহরধ্বংসী রামপাল বিদ্যুেকন্দ্র, ফুলবাড়ি-বড়পুকুরিয়া উন্মুক্ত খনির চক্রান্ত অব্যাহত, বঙ্গোপসাগরের গ্যাস ব্লক একতরফা সুবিধা দিয়ে বিদেশি কোম্পানির কাছে ইজারা, কুইক রেন্টালের নামে বেশি দরে বিদ্যুত্ কেনা, প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের উদ্যোগ ইত্যাদি সবকিছুই জনস্বার্থকে উপেক্ষা করে মুনাফা ও লুটপাটের অংশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শেষ অংশে কমিটি সাত দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হচ্ছে রেন্টাল পাওয়ারের চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুত্ প্লান্ট চালু, মেরামত ও নবায়ন করা, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন করা, গ্যাস অনুসন্ধানে জাতীয় সংস্থাকে প্রয়োজনীয় সুযোগ, ক্ষমতা ও বরাদ্দ দেওয়া, বিদ্যুেক গণপণ্য বিবেচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে দেশীয় মালিকানায় বিদ্যুত্ প্লান্ট স্থাপন প্রভৃতি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত ছিলেন কমিটির সদস্য রুহিন হোসেন, জোনায়েদ সাকী, বজলুর রশিদ, রাগিব আহমেদ, সিদ্দিকুর রহমান, শুভ্রাংসু চক্রবর্তী প্রমুখ।