রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তি এবং জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলসহ সাত দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। দাবি আদায়ের জন্য সব বিভাগীয় শহরে ২৬ ফেব্রুয়ারি সমাবেশ ও বিক্ষোভ করবে সংগঠনটি।
গতকাল শনিবার সকালে পুরানা পল্টনের মুক্তিভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য কল্লোল মুস্তফা বলেন, সরকার সুন্দরবন ধ্বংসের রামপাল প্রকল্প বাতিলের জনদাবি উপেক্ষা করেছে। দেশি-বিদেশি ভূমি দখলদারদের মুনাফার স্বার্থকে গুরুত্ব দিয়ে এই প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। এই প্রকল্প সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করবে। ভারতীয় কোম্পানি এনটিপিসি নিজেদের দেশের আইন ভেঙে বাংলাদেশের সর্বনাশ করতে এই প্রকল্পে যুক্ত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনের নামে দেশি-বিদেশি লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার বারবার দেশের জন্য সর্বনাশা পথ গ্রহণ করছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র, ফুলবাড়ী-বড়পুকুরিয়া উন্মুক্ত খনি, বঙ্গোপসাগরের গ্যাস ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা, কুইক রেন্টালের নামে বেশি দরে বিদ্যুৎ কেনা, প্রতিরক্ষাব্যবস্থা ছাড়া পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ—এ সবকিছুই করা হচ্ছে জনস্বার্থকে উপেক্ষা করে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে আছে: রেন্টাল পাওয়ারের চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্ল্যান্ট চালু, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ আইন প্রণয়ন, গ্যাস অনুসন্ধানে জাতীয় সংস্থাকে প্রয়োজনীয় সুযোগ, ক্ষমতা ও বরাদ্দ দেওয়া, বিদ্যুৎকে গণপণ্য বিবেচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে দেশীয় মালিকানায় বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন প্রভৃতি।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।