২৬ বছর পর সম্মেলন
২৬ বছর পর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। গত রোববার ভান্ডারিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সভাপতি পদে কোনো নির্বাচন হয়নি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়াল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে রাতে লিয়াকত হোসেন তালুকদার ও আবদুর রশিদ মৃধা সহসভাপতি; মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক, শহিদ জামান ও আতিকুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক; কাজী রোকনুজ্জামান, হুমায়ুন হাওলাদার ও শাহাবুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু বকর ছিদ্দিক হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক ফায়জুর রশিদ প্রার্থী হওয়ায় ওই পদে নির্বাচন হয়নি।
আবু বকর ছিদ্দিক হাওলাদার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সভাপতি পদে আমরা দুজন প্রার্থী ছিলাম। রোববার অনেক রাত পর্যন্ত সমঝোতা হয়নি। সময় না থাকায় তখন আর ভোটাভুটির আয়োজন করা হয়নি। এ জন্য ৪ অক্টোবর একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন সভাপতি পদে নির্বাচন হতে পারে।