২৬ বছরে একবিংশ নতুনরাই চালিকাশক্তি হিসেবে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতা ও নন্দন ভাবনার কাগজ একবিংশ ২৫ বছর পূর্ণ করে ২৬ বছরে যাত্রা শুরু করল। এ উপলক্ষে গতকাল বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। সেখানে বক্তারা বললেন, একবিংশ তার যাত্রার শুরু থেকেই নতুনদের পত্রিকা হিসেবে কাজ করে চলেছে। গত ২৫ বছর ধরে সব বৈরিতার বিপরীতে দাঁড়িয়ে কবিতা নিয়ে কাজ করছে একবিংশ। তরুণরাই ছিল একবিংশ-এর প্রাণশক্তি। তারা জানিয়েছে, ভবিষ্যতেও এর চালিকাশক্তি হিসেবে কাজ করবে তরুণরাই।১৯৮৫ সালে এ পত্রিকা যাত্রা শুরু করে। বক্তারা কাগজটির সম্পাদক খোন্দকার আশরাফ হোসেনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি সৈয়দ শামসুল হক বলেন, ‘শুরুর দিকে একবিংশ নামটি আমাকে ভাবিয়েছিল। কাগজটি নতুনদের লেখাকেই প্রাধান্য দিয়েছে। যা আমাদের জন্য দরকার। নতুনরা কী ভাবছে, কী ধরনের কথা লিখছে, তা জানতে পেরেছি একবিংশ-এর মাধ্যমে।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, একটি পত্রিকা তখনই সফল হয়, যখন তাতে নতুন লেখা থাকে, নতুন লেখক তৈরি করে। একবিংশ তরুণ প্রজন্মের কবিদের পত্রিকা। নতুনদের আত্মপ্রকাশ করার সুযোগ করে দিয়েছে এ পত্রিকা। কবি রফিক আজাদ বলেন, একবিংশ সত্যিকার অর্থে একটি সাহিত্য পত্রিকা। সম্পাদকের ইচ্ছার কারণেই পত্রিকাটির কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। পত্রিকার সম্পাদক খোন্দকার আশরাফ হোসেন বলেন, একবিংশ যখন যাত্রা শুরু করে তখন তারুণ্যের অদম্য উত্সাহকে ধারণ করার মতো কোনো ছোট কাগজ ছিল না। একবিংশ যখন বের করতে শুরু করি তখন প্রতিশ্রুতিশীল তরুণ কবিদের জন্য একটি পাটাতন নির্মাণের অভিকাঙ্ক্ষাই ছিল মুখ্য। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রফিক উল্লাহ খান, কামরুল হাসান, পারভেজ হোসেন, ইকবাল আজিজ, চৌধুরী বাবুল বড়ুয়া, লিলি হক প্রমুখ।