২৬ বছরেও হয়নি নিজস্ব ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে গাদাগাদি করে লেখাপড়া করছে শ্রমজীবী শিশুরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীতে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে গাদাগাদি করে লেখাপড়া করছে শ্রমজীবী শিশুরা। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কার্যক্রম শুরুর ২৬ বছর পরও নিজস্ব ভবন হয়নি পটুয়াখালীর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টিতে ৯০ জন শ্রমজীবী শিশু পড়ালেখা করছে। বর্তমানে তাদের পাঠদান হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে।
পটুয়াখালীতে শ্রমজীবী শিশুদের লেখাপড়ার জন্য শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ১৯৯০ সালের ৩১ জানুয়ারি। শুরুতে শিক্ষার্থী ছিল ৪৪ জন। তাদের ক্লাস শুরু হয় শহরের মহিলা কলেজ সড়কে মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী ৯০ জন। এর মধ্যে ছাত্রী ৫০ জন। পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারী কর্মরত আছেন।
গত ৯ মে মহিলা সমিতি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। শ্রমজীবী শিশুদের পাঠদানের টিনশেড ঘরের একটি অংশ ভেঙে ফেলার প্রয়োজন হওয়ায় বিদ্যালয়ের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেয় মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগম পরিচালনা পর্ষদের সভাপতি, পটুয়াখালীর জেলা প্রশাসকসহ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি চিঠি দিয়ে জানান। এ পরিপ্রেক্ষিতে ২২ জুন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্টের যুগ্ম সচিব মো. দেলওয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, ছুটির পর সেই ভবনে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে শ্রমজীবী শিশুদের পাঠদান হচ্ছে।
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর বেগম বলেন, আগে পরিত্যক্ত তিনটি টিনশেড ঘরে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঠদান হতো। বর্তমানে মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর বিকেল সাড়ে চারটায় ক্লাস শুরু করতে হচ্ছে। সময় ও শ্রেণিকক্ষের স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শিশুরা গাদাগাদি করে ক্লাসে বসে আছে। একসঙ্গে সব শ্রেণির পাঠদান করায় অনেকটা হট্টগোলের সৃষ্টি হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্রী সুখি আক্তার (১৩) শহরের স্বনির্ভর সড়কের বস্তিতে থাকে। সে জানায়, তাদের কষ্ট করে বসতে হয়। এ ছাড়া বিদ্যালয়ে ক্লাস শুরুর পরপরই সন্ধ্যা হয়ে যায়। তাই অনেকে সন্ধ্যার আগেই বাসায় ফিরে যায়। একই কথা বলে চতুর্থ শ্রেণির ছাত্রী ফারজানা (১২)। শহরের কাঠপট্টির বস্তি থেকে সে এখানে পড়তে আসে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৪ সালে বিদ্যালয়টিকে ১০ কাঠা অকৃষি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রস্তাব দেন। সার্ভেয়ারকে প্রস্তাবিত ভূমির সেলামি নির্ধারণসহ উপস্থাপনের জন্য নির্দেশও দেওয়া হয়।
কিন্তু দীর্ঘদিনেও এটি বাস্তবায়ন হয়নি। ভূমি বন্দোবস্ত না হওয়ায় নিজস্ব ভবনও নির্মাণ হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ের জমি না থাকায় ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ের জন্য কয়েকটি স্থানে জমি দেখেছি। শিগগিরই জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।