২৬ বছরের গবেষণার ফল শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬২ একর জমির ওপর গবেষণাপ্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল ২৬ বছর আগে। প্রাণী নিয়ে গবেষণার কাজে নিয়োজিত আছেন প্রতিষ্ঠানের ১৪ কর্মকর্তা-কর্মচার। অথচ এত বছরেও উন্নত জাতের কোনো প্রাণীর উদ্ভাবন হয়নি এই প্রতিষ্ঠান থেকে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটকে স্থানীয় বাসিন্দারা পশু-পাখির খামার হিসেবেই চেনে। এখানে ছয়টি গয়াল, পাঁচটি হরিণ, ৪৭টি ভেড়া, ১৪৮টি ছাগল, ৪৫টি বন্য ও ১৯০টি দেশি মোরগ-মুরগি আছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, এসব পশুপাখি দেখাশোনার বাইরে তাঁদের আর তেমন কোনো কাজ নেই। গবেষণার ফলাফল জানা না গেলেও বিক্রি করা হচ্ছে প্রতিষ্ঠানে রাখা পশুপাখি। গত বছর ইনস্টিটিউটে রাখা ২৩টি গয়ালের (বন্য গরু) মধ্য থেকে নিলামের মাধ্যমে ১৭টি বিক্রি করা হয়েছে।
অবশ্য কাজ না থাকার কথা অস্বীকার করেছেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা পাহাড়ি মুরগির উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছি।’ এখন পর্যন্ত কোনো উন্নত জাত উদ্ভাবিত হয়েছে কি না এবং এমন জাতের মুরগি কাউকে দেওয়া হয়েছে কি না জানাতে চাইলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। নাইক্ষ্যংছড়ির স্থানীয় লোকজন জানান, যৌথ খামার চাকপাড়া নামের একটি আদিবাসীপাড়া উচ্ছেদ করে ১৯৮৮ সালে প্রাণিসম্পদ নিয়ে গবেষণার জন্য এই ইনস্টিটিউট স্থপন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে কোনো গবেষণা হয় না। এটি এখন পশুপাখির খামারে পরিণত হয়েছে।
মাঠপর্যায়ে জরিপলব্ধ পর্যাপ্ত তথ্য-উপাত্তও নেই ইনস্টিটিউটে। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা নাইক্ষ্যংছড়ি এবং সমগ্র পার্বত্য চট্টগ্রামে কত প্রজাতির বন্য ও গৃহপালিত প্রাণী রয়েছে, তাও জানাতে পারেননি।
বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রাণিসম্পদ গবেষণা দীর্ঘ সময়ের বিষয়। পাহাড়ের বন মোরগ নিয়ে তাঁদের গবেষণা অব্যাহত রয়েছে। তাঁরা এ ব্যাপারে নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। তবে গবেষণার ফলাফল জানতে চাইলে তিনি সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দেন। পরে ওয়েবসাইটে গিয়েও কেনো গবেষণা প্রকল্পের খবর পাওয়া যায়নি।