রংপুরের বদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের গত ২৬ বছরের সংরক্ষিত থাকা বালাম বই, রেকর্ড নিবন্ধন বইসহ প্রয়োজনীয় দলিলপত্র জেলা নিবন্ধকের (রেজিস্ট্রার) কার্যালয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এগুলো সরিয়ে নেওয়া হলে উপজেলায় জমি ক্রয়-বিক্রয়ে সমস্যাসহ প্রয়োজনীয় দলিলপত্রের অনুলিপি সংগ্রহে উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি বাড়বে এবং সময় ও অর্থের অপচয় হবে। তাই এসব দলিল সরিয়ে না নিতে কর্তৃপক্ষের কাছে রাখা দাবি জানান হয়েছে। এর আগে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে ১৯৬৫ থেকে ১৯৮৫ সালের দলিলপত্র গত বছর জেলা নিবন্ধক কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এর পর থেকে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
উপজেলা সাব-রেজিস্ট্রার ফাতেমা খাতুন বলেন, ‘জেলা নিবন্ধক চলতি বছরের জানুয়ারিতে একাধিকবার চিঠি দিয়ে ১৯৮৬ থেকে ২০১২ সাল পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষিত সব বালাম বই, রেকর্ড নিবন্ধন বইসহ প্রয়োজনীয় দলিলপত্র জেলায় পাঠানোর নির্দেশ দেন। এগুলো বেঁধে রাখা হয়েছে। গাড়ি এলেই যেকোনো সময় পাঠানো হবে। নিরাপত্তার কারণে তা সরিয়ে নেওয়া হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতে অবশ্যই উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।’
ফাতেমা খাতুন জানান, বদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়টি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত। এই কার্যালয়ের নিজস্ব এক একর ৮১ শতক জমি রয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ভবনের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতি মাসে ওই সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে গড়ে নয় লাখ টাকা রাজস্ব আদায় হয় বলে সাব-রেজিস্ট্রার জানিয়েছেন।
বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, একসময় উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়টি ভাঙা ছিল। এখন ভবন হচ্ছে। কাজেই কাগজপত্রের নিরাপত্তার অভাবের বিষয়টি অজুহাতমাত্র। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস বলেন, ‘জমির ওই দলিলপত্র সরিয়ে নেওয়া হলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ হবে। উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দলিলপত্রের নিরাপত্তার কোনো অভাব নেই।’
রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘এগুলো সরিয়ে নেওয়া হলে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি বাড়বে। এ ব্যাপারে জেলা রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেছি। এর পরও সরিয়ে নেওয়া হলে বিষয়টি কঠোরভাবে দেখা হবে।’
রংপুর জেলা নিবন্ধক এমদাদুল হক মুঠোফোনে বলেন, ‘রেকর্ডপত্রগুলোর অধিক নিরাপত্তার স্বার্থেই জেলায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো সময় এগুলো সরিয়ে নেওয়া হবে।’ তবে তাঁর কার্যালয়ের ভেতরে দুর্নীতি ও দালাল থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসে আসেন, সরাসরি কথা হবে।’