২৬ মার্চ থেকে স্মার্ট কার্ড বিতরণ করতে চায় ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৬ মার্চ থেকে ভোটারদের মধ্যে বিনা মূল্যে অত্যাধুনিক জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ শুরু করতে চায়। স্মার্টকার্ড প্রস্তুত ও বিতরণে ফ্রান্সের কোম্পানি অবারথু টেকনোলজির সঙ্গে ইসির চুক্তি সই হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগে এ চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস। সে জন্যই ইসি স্মার্টকার্ড বিতরণের জন্য ওই দিনকে বেছে নিয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরাসি ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ফোন্টিনা, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিনা কাইমস ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন। ৭৯৬ কোটি ২৬ লাখ টাকা মূল্যের এই চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০১৬ সালের জুন পর্যন্ত।
ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার আগে তথ্যভান্ডারে সংরক্ষিত নয় কোটির বেশি ভোটারের বিদ্যমান তথ্য সংশোধনের সুযোগ দেবে ইসি।