২৬ মার্চ স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ মার্চ উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হচ্ছে না। ভোটারদের তথ্য সংশোধনের কাজ শেষ না হওয়ায় এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত নিয়েছে। ইসি সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে গত ২৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে ইসি জানিয়েছিল। পর্যায়ক্রমে দেশের নয় কোটিরও বেশি নাগরিককে এই কার্ড দেওয়া হবে।
এই লক্ষ্যে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগ ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ভোটার তথ্য সংশোধনের কাজ শুরু করে। কারণ ২০০৮ সালে দেশের ভোটার ছিল ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার। বর্তমানে তাঁদের অনেকের ব্যক্তিগত তথ্যে পরিবর্তন এসেছে। বিশেষ করে তরুণদের শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, পেশা ইত্যাদিতে পরিবর্তন এসেছে। কিন্তু এখন পর্যন্ত এ তথ্য সংশোধন করা সম্ভব হয়নি। স্মার্টকার্ড বিতরণের কাজ শুরুর আগে এসব তথ্য সংশোধন করতে হবে।
ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, নতুন করে স্মার্টকার্ড বিতরণের কাজ কবে শুরু হবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।
নিবন্ধন বিভাগ সূত্র জানায়, এখন পর্যন্ত অনলাইনে ব্যক্তিগত তথ্য সংশোধনের জন্য প্রায় ৪১ হাজার নাগরিক আবেদন করেছেন।