২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার জন্য দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন। আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মীর কাসেম আলীর ফাঁসির পুনর্বহালের দাবিতে আয়োজিত এক গণ অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন মঞ্চের আহ্বায়ক নৌপরিবহনমন্ত্রী সাজাহান খান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এ দাবি জানাতে আগামী ২৫ মার্চ বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি সমাবেশের আয়োজন করা হবে। সেখানে মুক্তিযুদ্ধ-গণহত্যার ভিডিওচিত্র প্রদর্শন, মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দাবি জানানো হবে।’
সাজাহান খান বলেন, আজও যাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তাঁদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত এক আইন প্রণয়নের দাবি জানানো হবে।
গণ অবস্থান কর্মসূচি থেকে নিজামী ও কাসেমসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের ২৬ মার্চের আগেই ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।
সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।