২৬ মার্চকে 'বাংলাদেশ দিবস' ঘোষণা করলেন ওয়াশিংটন ডিসি মেয়র
ওয়াশিংটন ডিসির মেয়র ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়।
বুধবার সন্ধ্যায় দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জারের পক্ষে তাঁর প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে এ সিদ্ধান্তের কথা জানান।
ওই ঘোষণায় বলা হয়, এই দিনটিতে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনের কথা স্মরণ করছে। এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। কলাম্বিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি বাংলাদেশ দূতাবাসের অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশ রাষ্ট্রদূত ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।