আগামী ২৬ মার্চের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। তিনি বলেন, আইনমন্ত্রী বলেছেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। আশা করা যায়, ২৬ মার্চের মধ্যেই একটা পথ খুঁজে বের করা যাবে।শাহবাগের গণজাগরণ আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার ও গণজাগরণকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে অপপ্রচার হচ্ছে অভিযোগ করে জনাব হানিফ বলেন, ব্লগারদের কিছু কথাকে কেন্দ্র করে প্রিয় নবী ও ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা প্রচার করা হচ্ছে। গণজাগরণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ধর্মের ওপর আঘাত করে প্রচার করা কোনো কটূক্তিমূলক বক্তব্য সহ্য করব না।’হানিফ আরও বলেন, তরুণ প্রজন্মের ওপর খালেদা জিয়ার আস্থা নেই। তাই বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে ক্ষমতায় যেতে চান। তরুণ প্রজন্মের গণজাগরণের পরও বিএনপি যুদ্ধাপরাধীদের বিপক্ষে অবস্থান নিতে পারেনি।কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক প্রমুখ।