২৬ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, তাদের বিচারের প্রক্রিয়া একটি অদৃশ্য শক্তির ইঙ্গিতে থমকে আছে। ওই অপরাধীদের বিচার নিয়ে কোনো ধরনের প্রহসন দেশের মানুষ সহ্য করবে না। আগামী ২৬ মার্চের মধ্যে চিহ্নিত সব অপরাধীকে গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। অন্যথায় দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ কথা বলেন। যুদ্ধাপরাধী-মানবতাবিরোধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।সমাবেশে মঞ্চের পক্ষ থেকে সাত দফা দাবি-সংবলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার, জঙ্গিদের অর্থের উৎস বন্ধ ও রুখে দাঁড়ানো, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা, গ্রেনেড হামলাসহ সব বোমা হামলার বিচারের দাবি জানানো হয়েছে। এই দাবি বাস্তবায়নের জন্য দেশব্যাপী কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়।সমাবেশে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম শওকত আলী যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘যারা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা বাঙালি জাতির শত্রু। এদের প্রতিহত করতে হবে। কিন্তু স্বাধীনতার দীর্ঘদিন পরও আমরা এই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এখন যত তাড়াতাড়ি এই অপরাধীদের বিচার হবে, ততই এ দেশ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে। তাই যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে হবে এবং যারা এখনো ধরা পড়েনি, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করতে হবে।’শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, যুদ্ধাপরাধের বিচার করতেই হবে। এটি এই সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল। তবে এই বিচারের পথ অত্যন্ত জটিল এবং কণ্টকাকীর্ণ। রাষ্ট্রের সব ক্ষেত্রেই এই অপশক্তি বসে আছে। এ জন্য দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করতে হবে, যাতে এই বিচার ত্বরান্বিত হয়।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে। যতই সময় যাচ্ছে, যুদ্ধাপরাধের বিচার নিয়ে ততই বিভ্রান্তি ছড়াচ্ছে।জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, মহাজোটের সরকার ও এর ঐক্য নিয়ে প্রশ্ন থাকতে পারে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো মতপার্থক্য নেই। দেশকে অবশ্যই সংবিধানের চার মূলনীতিতে ফিরে যেতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি চিরতরে নির্বাসিত করতে হবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশে এখন যদি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সংবিধান কার্যকর থাকে, তাহলে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না কেন? জামায়াত নিষিদ্ধ হচ্ছে না কেন? তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে দেশের মানুষের মধ্যে স্বস্তি আনতে হবে। অন্যথায় এই সুযোগ নেবে যুদ্ধাপরাধীরা।সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে নাট্যব্যক্তিত্ব ম হামিদ, নারী নেত্রী শিরীন আখতার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজীবুল বশর মাইজভান্ডারী, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য দেন।