২৬ মাস পর জামিন পেলেন তানভীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা বিচারে ২৬ মাস ধরে কারাগারে থাকা তানভীর রহমানের গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তাঁদের পারিবারিক বন্ধু তানভীরকে ২০১২ সালের অক্টোবের গ্রেপ্তার করা হয়। কিন্তু এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে এ হত্যায় জড়িত থাকার কোনো প্রমাণ খুঁজে পায়নি মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব। হাইকোর্টের বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল তানভীরের জামিন মঞ্জুর করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন মানবাধিকার কমিশনের সদস্য ও আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তাঁদের সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম।
ফাওজিয়া করিম প্রথম আলোকে বলেন, তানভীর দুই বছরের বেশি সময় ধরে বিনা বিচারে আটক আছেন। আদালত তানভীরের জামিন মঞ্জুর করেছেন ও রুল দিয়েছেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।
অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার জানিয়েছেন, তানভীরের জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ হত্যা মামলায় বিভিন্ন সময়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে পাঁচজন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নিতাই হত্যা মামলার আসামি। পরে তাঁদের সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তানভীরসহ তিনজনকে এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন সাগর-রুনির বাড়ির নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল ও এনামুল হক ওরফে হুমায়ুন।
পারিবারিক সূত্র জানায়, তানভীর ২০১২ সালের ১ অক্টোবর তাঁর কর্মস্থল স্কলাসটিকা স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় উত্তরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। এরপর ৯ অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সংবাদ সম্মেলনে জানান, সাগর-রুনি হত্যা মামলায় তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাঝের আট দিন তানভীর কোথায় বা কার হেফাজতে ছিলেন, সে বিষয়ে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেননি।
তানভীরের বাবা মাহাবুবুর রহমান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। তিন ভাইয়ের মধ্যে সবার বড় তানভীর। তিনি স্কলাসটিকা স্কুলের শিক্ষার্থীবিষয়ক কর্মকর্তা। গ্রেপ্তারের পর ২০১২ সালের ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তাঁকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন।
বিনা বিচারে আটক থাকা তানভীরের জন্য আইনি সহায়তা চেয়ে গত ২ জুলাই জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেন তাঁর বাবা মাহবুবুর রহমান। মানবাধিকার কমিশন এ বিষয়ে ১৩ জুলাই হাইকোর্টে রিট আবেদন করে। এতে তানভীরের অন্তর্বর্তীকালীন জামিনের আরজি জানানো হয়। ওই দিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবেদন শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে তানভীরের জামিন আবেদন খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টের নিয়মিত ফৌজদারি বেঞ্চে আবেদন নিয়ে যেতে বলেন। এরপর হাইকোর্টের ফৌজদারি বেঞ্চে তানভীরের জামিনের আবেদন করা হয়। ২ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।
এরপর বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। শুনানি শেষে গতকাল এই বেঞ্চ অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
তানভীরের বাবা মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আটবার উচ্চ আদালতে গিয়ে জামিন পাইনি। অবশেষে গতকাল জামিন হলো। আমার ছেলে যদি অপরাধী হয়, তাহলে তার সাজা হতে পারত। কিন্তু ২৬ মাসেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনতে পারেনি র‌্যাব। এভাবে আমার ছেলে, আমাদের সবার জীবন বিপন্ন হচ্ছিল।’
প্রসঙ্গত, এই সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ মার্চ রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। পরে হাইকোর্ট র‌্যাবকে এ মামলার তদন্ত করার নির্দেশ দেন। এরপর তদন্ত প্রতিবেদন দিতে গত পৌনে তিন বছরে ২৯ বার আদালতের কাছ থেকে সময় নিয়েছে র‌্যাব। সর্বশেষ গত ২ নভেম্বর র‌্যাব সময় বাড়ানোর আবেদন করলে আদালত আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।