২৬ মাস পর তানভীর কারামুক্ত
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আজ বৃহস্পতিবার সকালে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার তানভীর রহমান।
তানভীরের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। তিনি ঢাকায় উত্তরার ১৩ নম্বর সেক্টরে থাকেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহমানের ভাষ্য, সাগর-রুনি হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়। ২০১২ সালের ১০ অক্টোবর তানভীরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ২০ অক্টোবর তাঁকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এ বছরের ২ ডিসেম্বর উচ্চ আদালত তাঁকে জামিন দেন। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাঁর জামিনের কাগজ কারাগারে আসে এবং তা যাচাই-বাছাই করে আজ বেলা সোয়া ১১টার দিকে তানভীরকে মুক্তি দেওয়া হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ হত্যা মামলায় বিভিন্ন সময়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে পাঁচজন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নিতাই হত্যা মামলার আসামি। পরে তাঁদের সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তানভীরসহ তিনজনকে এই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন সাগর-রুনির বাড়ির নিরাপত্তাকর্মী পলাশ রুদ্র পাল ও এনামুল হক ওরফে হুমায়ুন।
২৬ মাস পর জামিন পেলেন তানভীর
পারিবারিক সূত্র জানায়, তানভীর ২০১২ সালের ১ অক্টোবর তাঁর কর্মস্থল স্কলাসটিকা স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ঘটনায় উত্তরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। এরপর ৯ অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সংবাদ সম্মেলনে জানান, সাগর-রুনি হত্যা মামলায় তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাঝের আট দিন তানভীর কোথায় বা কার হেফাজতে ছিলেন, সে বিষয়ে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেননি।
সাংবাদিক দম্পতি হত্যার ঘটনায় ২০১২ সালের ১২ মার্চ রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু তদন্তে কোনো অগ্রগতি না হওয়ায় ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। পরে হাইকোর্ট র্যাবকে এ মামলার তদন্ত করার নির্দেশ দেন। এরপর তদন্ত প্রতিবেদন দিতে গত পৌনে তিন বছরে ২৯ বার আদালতের কাছ থেকে সময় নিয়েছে র্যাব। সর্বশেষ গত ২ নভেম্বর র্যাব সময় বাড়ানোর আবেদন করলে আদালত আগামী ৯ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।