২৬ মাস পূর্তিতে মোমের আলো প্রজ্বালন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ২৬ মাস পূর্তিতে মোমের আলো প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক মনি সুপান্থ প্রমুখ। এ সময় রফিউর রাব্বি বলেন, সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতেই ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধ রাখা হয়েছে। সরকারের সমর্থন না থাকলে হত্যাকারীরা এমনিতেই প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে না। ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে অপহরণ করে টর্চার সেলে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে খুন করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।