২৬ মাসে একজন সাক্ষীও আসেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনের সামনে জঙ্গিদের বোমা হামলায় পুলিশসহ দুজন নিহত হওয়ার ঘটনায় করা মামলাটি আবারও দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসেছে। এত দিন এ মামলার বিচার চলছিল প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। গত অক্টোবর মাসে মামলাটি ট্রাইব্যুনালে পাঠান চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপরও তিনটি ধার্য দিন পার হয়েছে, কিন্তু একজন সাক্ষীও হাজির হননি।
এর আগে ২০০৮ সালেও এ মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এসেছিল। তখনো সাক্ষীরা হাজির না হওয়ায় ১৩৫ কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি করা যায়নি। পরে মামলাটি প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ফেরত যায়। সাক্ষীদের হাজির করতে না পারায় ১১ বছর ধরে চলছে এ মামলার কার্যক্রম।
২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকে পুলিশের তল্লাশিচৌকির সামনে বোমা হামলা চালান নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচারপ্রার্থী শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, সামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।
এ মামলার সাক্ষী ও জঙ্গিদের বোমা হামলায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম নগর পুলিশের রেশন শাখায় কর্মরত। ১১ বছরেও বিচার শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘পুরো শরীরে স্প্লিন্টারের দাগ। ব্যথায় ঘুমাতে পারি না। কিছুদিন পর পর হাসপাতালে ভর্তি হই। আগামী সপ্তাহে চিকিৎসার জন্য ভারতে যাব। জঙ্গিদের এমন শাস্তি হোক, যাতে কেউ এ পথে আর পা না বাড়ায়।’
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত ২৬ মাসে এই মামলায় একজন সাক্ষীও সাক্ষ্য দেননি। ১১ বছরে ৭৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৮ জনের সাক্ষ্য হয়েছে। কাল বুধবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।
বোমা হামলার পরের বছরের ১৮ মে চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক পরিদর্শক হ্লা চিং প্রু জেএমবির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে আসামি করে অভিযোগপত্র দেন আদালতে।
জাবেদ ইকবাল কারাগারে আটক আছেন। বোমা মিজানকে আড়াই বছর আগে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। এরপর তাঁকে আর গ্রেপ্তার করা যায়নি। ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাজিরা দেওয়ার জন্য ময়মনসিংহের আদালতে নেওয়ার পথে ত্রিশাল এলাকায় প্রিজন ভ্যানে গুলি ও বোমা ছুড়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। ওই তিনজনের একজন বোমা মিজান। এ ঘটনায় জঙ্গিদের গুলি ও বোমাবর্ষণে এক পুলিশ সদস্য মারা যান।
মামলার তদন্ত কর্মকর্তা হ্লা চিং প্রু বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্পেশাল ট্রেনিং সেন্টার, মধুপুর খাগড়াছড়িতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে সমন পাওয়ার পর একবার সাক্ষ্য দিতে গিয়েছিলাম। কিন্তু বিচারক না থাকায় সাক্ষ্য হয়নি। পরে আর সমন পাইনি, কীভাবে সাক্ষ্য দিতে যাব?’
আরেক সাক্ষী মো. মঈন উদ্দিন বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। আগামী ধার্য দিনে সাক্ষ্য দিতে যাবেন বলে জানান তিনি।
সাক্ষীদের হাজির করা প্রসঙ্গে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, পুলিশ সাক্ষীসহ হাজির না হওয়া সব সাক্ষীর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিদের মাধ্যমে তাঁদের হাজির করার কাজ চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, ২০০৮ সালের জানুয়ারিতে মামলাটি নিষ্পত্তির জন্য একবার এলেও সাক্ষী হাজির করতে না পারায় আগস্টে ফেরত যায়। গত অক্টোবর মাসে আবার বিচারের জন্য মামলাটি এলেও তিনটি ধার্য তারিখে একজন সাক্ষীও হাজির হননি। সাক্ষীদের হাজির করতে বারবার পুলিশকে বলা হচ্ছে।