২৬ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবেই পানি জমে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। ছবিটি পুরান ঢাকার আগামসিহ লেন থেকে তোলা l প্রথম আলো
গতকাল দুপুরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবেই পানি জমে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। ছবিটি পুরান ঢাকার আগামসিহ লেন থেকে তোলা l প্রথম আলো

রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ব্যাপক জলাবদ্ধতা হয়। আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে গতকাল বেলা আড়াইটা পর্যন্ত ২১ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার। গতকাল বৃষ্টি হয় ৯ মিলিমিটার। জলাবদ্ধতার জন্য আগের দিনের বৃষ্টিও দায়ী।
রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণে অন্যতম কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা বলছে, অস্বাভাবিক বৃষ্টিতে নগরীর কিছু স্থানে জলাবদ্ধতা হলেও বেশির ভাগ এলাকা থেকে অল্প সময়ে পানি নেমে যায়। তবে গতকাল মাত্র ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে—এ তথ্য সঠিক নয় বলে ওয়াসার কর্মকর্তারা মন্তব্য করেছেন।
শুক্রবার ছুটির দিনে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জলাবদ্ধতায় জনদুর্ভোগ কিছু কম হয়। তবে গতকাল সারা দেশসহ রাজধানীতেও কলেজ ও স্কুলশিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা থাকায় বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের চলাচলে চরম বিপাকে পড়তে হয়। অনেক পরীক্ষার্থী বাসে জায়গা পাননি বলেও জানিয়েছেন। এ ছাড়া নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে রিকশা, অটোরিকশাচালকদের মতো শ্রমজীবীরা জীবনের তাগিদে রাস্তায় নেমে দুর্ভোগে পড়েন। কিছু বিপণিবিতানও খোলা হয়। জলাবদ্ধতার কারণে ক্রেতা-বিক্রেতা সবাইকেই পড়তে হয় চরম ভোগান্তিতে।
দুপুরের বৃষ্টিতে পুরান ঢাকার রামকৃষ্ণ মিশন রোড, অভয় দাস লেন, কামরুন্নেসা স্কুল মোড় থেকে হাটখোলা আনসার ক্যাম্প হয়ে পেয়াদাপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, কে এম দাস লেন, ওয়ারী লারমিনি স্ট্রিট (সানাই কমিউনিটি সেন্টার এলাকা) প্রভৃতি স্থানে জলাবদ্ধতা হয়। মতিঝিল শাপলা চত্বর ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত ছিল পানি। শান্তিনগর, রাজারবাগ, সার্কিট হাউস রোড, বেইলি রোডের মোড়, সিদ্ধেশ্বরী এলাকায় ছিল হাঁটুপানি।
মৌচাক ও আশপাশের এলাকায় ছিল হাঁটুপানি। সেখানে অনেক সিএনজিচালিত অটোরিকশা, এমনকি ব্যক্তিগত গাড়ির সাইলেন্সারে পানি ঢুকে পড়ায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। অনেক চালককে দেখা যায় পানি ভেঙে সিএনজি টেনে নিয়ে যেতে। ওয়াসা ও সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্র থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে গতকাল অটোরিকশা, প্রাইভেট কারসহ তিন শতাধিক মোটরযান রাস্তায় বিকল হয়ে যায়।
পুরান ঢাকার বকশীবাজার, নাজিমুদ্দিন রোড, আজিমপুর গোরস্থান এলাকা, আগামসিহ লেন, আগা সাদেক রোড, চকবাজারসহ আশপাশের সব গলিতেও পানি ছিল। জলাবদ্ধতা কমাতে ওয়াসা ও সিটি করপোরেশনের কর্মীরা রাস্তায় নেমে পড়েন। তাঁদের প্রধান কাজ ছিল ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করা।
ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগ থেকে জানানো হয়, পানি অপসারণে গোপীবাগে (জনপথ সড়ক) ২৫টি অস্থায়ী পানিনিষ্কাশন পাম্প সক্রিয় ছিল। রামপুরায় চালু হওয়া স্থায়ী পাম্পও কাজ করেছে।