২৬ রোহিঙ্গা ও ৭ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের ২৬ জন রোহিঙ্গা ও রোহিঙ্গা বহন করা সাতটি নৌকা সে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ-চেষ্টা চলে।

উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, আজ সকাল পর্যন্ত সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় মোট ২৬ জন রোহিঙ্গাকে আটক করে তাদের দেশে ফেরত যেতে বাধ্য করা হয়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাতটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর সহিংস অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।