২৬ লাখ মামলা সামলাচ্ছেন দেড় হাজারের কম বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নিম্ন আদালতে ২৬ লাখ বিচারাধীন মামলা সামলাচ্ছেন দেড় হাজারের কম বিচারক। এ তথ্য উল্লেখ করে আইন কমিশনের প্রতিবেদন বলছে, এত স্বল্পসংখ্যক বিচারক দিয়ে মামলাজট সামাল দেওয়া সম্ভব নয়।
আর আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের আশঙ্কা, এই অস্বাভাবিক মামলাজট নিরসনের ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য।
তবে আইনমন্ত্রী আনিসুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে কিছু বিচারক নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁরা কিছু খালি পদে দায়িত্বপ্রাপ্ত হবেন।’ তিনি বলেন, বিচারকের সংখ্যা বাড়ানো একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের অংশ হিসেবে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্প্রতি শিশুহত্যাসহ বিভিন্ন ধরনের সহিংসতা, নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় বিচারকশূন্যতার বিষয়টি আরও সামনে চলে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আইনের শাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা বেড়ে গেছে।
৪ আগস্ট আইন কমিশন ‘মামলাজট নিরসনে অতিরিক্ত প্রতিবেদন ও কতিপয় সুপারিশ’ শীর্ষক একটি প্রতিবেদন আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে জমা দেয়। এতে বলা হয়েছে, দেশে অনুমোদিত বিচারকের পদই আছে ১ হাজার ৬৫৫টি। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, এই পদের মধ্যে ৪৫৭টি আবার শূন্য। অর্থাৎ ১ হাজার ১৯৮ জন বিচারক প্রকৃতপক্ষে কর্মরত। অন্যদিকে আইন মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান বলছে, বর্তমানে কর্মরত বিচারকের সংখ্যা ১ হাজার ২৭৮।
আইন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩২ কোটি জনসংখ্যার বিপরীতে ৮৬ হাজার অর্থাৎ প্রতি ১০ হাজার নাগরিকের বিপরীতে ১ জন করে বিচারক কর্মরত। আর ভারতে ২০১৩ সাল পর্যন্ত ৬৭ হাজার নাগরিকের বিপরীতে একজন করে বিচারক ছিলেন। বাংলাদেশে প্রায় দেড় লাখ নাগরিকের বিপরীতে কর্মরত বিচারকের সংখ্যা ১।
বিচারপতি এ বি এম খায়রুল হক প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে শিশুর প্রতি সহিংসতাসহ বিভিন্ন ধরনের নির্যাতন, সহিংস ঘটনা বৃদ্ধি পাওয়ার পেছনে বিচারহীনতার সংস্কৃতির বিষয়টি সামনে এসেছে। কথাটি সত্য। ঘটনা ঘটে যাওয়ার পর অনেকেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু ট্রাইব্যুনালে বিচার করবেন কে? একইভাবে সরকার নতুন করে ৫৫ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে। খুবই ভালো উদ্যোগ। পুলিশ আসামি ধরল, মামলা করল। কিন্তু বিচারটা করবে কে?’
বিচারপতি খায়রুল হক বলেন, স্বল্পসংখ্যক বিচারককেই বিশালসংখ্যক মামলার দায়দায়িত্ব নিতে হচ্ছে। তিনি বলেন, দেশে বিচারকের সংখ্যার অনুপাতে মামলা নিষ্পত্তির হার বিশ্বের যেকোনো দেশের তুলনায় সন্তোষজনক। এই অস্বাভাবিক মামলাজট নিরসনের ব্যাপারে যদি ত্বরিত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে দেশের বিচারব্যবস্থা ভেঙে পড়তে বাধ্য। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে তার প্রধান কারণ বিচারকার্য ও নিষ্পত্তিতে অস্বাভাবিক দীর্ঘসূত্রতা। এতে করে অপরাধীরাও অপরাধ করতে উৎসাহিত হচ্ছে। বিচারকের সংখ্যা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দিয়ে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকারকে সামনের দিকে অগ্রসর হতে হবে বলে তিনি মনে করেন।
আইন কমিশনের প্রতিবেদনে প্রতিবছর অন্তত ২০০ জন করে নতুন বিচারক নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সমাধানের জন্য অবসরপ্রাপ্ত জেলা জজদের মধ্য থেকে দক্ষ, সৎ, যোগ্য কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।
আইন কমিশনের সদস্য শাহ আলম প্রথম আলোকে বলেন, বিচারক নিয়োগে একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তাই চাইলেই একসঙ্গে অধিকসংখ্যক বিচারক নিয়োগ দেওয়া সম্ভব না। তবে প্রক্রিয়াটি যাতে অযথা দীর্ঘায়িত না হয় সেদিকে নজর দিয়ে বিচারকের সংখ্যা বাড়াতেই হবে।