২৬ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯টিতেই প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের চার জেলা কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের ২৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি মাত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছেন।
বছরের পর বছর প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয় ব্যবস্থাপনা ও পাঠদান নিয়ে শিক্ষকদের মধ্যে অস্থিরতা রয়েছে। তার ওপর রয়েছে সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য। এ অবস্থায় দ্রুত বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষা সংশ্লিষ্ট মহল।
জানা যায়, কুমিল্লা জেলায় নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটিতে, চাঁদপুর জেলায় সাতটি বিদ্যালয়ের পাঁচটিতে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাতটি বিদ্যালয়ের ছয়টিতে এবং লক্ষ্মীপুর জেলার তিনটি বিদ্যালয়ের তিনটিতেই প্রধান শিক্ষকের পদ খালি। আগামী মাসে কুমিল্লার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষকের পদও শূন্য হবে। বর্তমানে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছেন গোপাল চন্দ্র ভৌমিক। প্রধান শিক্ষক নেই—এমন সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো—কুমিল্লার বরুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণপাড়ার ভগবান সরকারি উচ্চবিদ্যালয়, দাউদকান্দির আমেনা সুলতান বালিকা উচ্চবিদ্যালয়, মুরাদনগর ডি আর উচ্চবিদ্যালয়, হোমনা সরকারি উচ্চবিদ্যালয়, চাঁদপুর সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়, কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয়, হাইমচর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবহান বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া মডেল বালিকা উচ্চবিদ্যালয়, সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, কসবা সরকারি বালক উচ্চবিদ্যালয়, কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নাসিরনগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় ও রামগঞ্জ এমইউ সরকারি উচ্চবিদ্যালয়।
এদিকে প্রায় এক দশক ধরে নাসিরনগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। চারজন শিক্ষক দিয়েই বিদ্যালয়টির পাঠদান চলছে। গত বছর ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২৯ জন। এবার ওই সংখ্যা নেমে এসেছে ২৮৩ জনে। শিক্ষক না থাকায় দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর মিয়া বলেন, ‘স্বল্পসংখ্যক শিক্ষক থাকায় আমরা বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের এনে কোনো রকমে ক্লাস চালিয়ে যাচ্ছি।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক মনোয়ারা বেগম বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা শূন্য পদের তালিকা পাঠিয়েছি।’