বিএনপি-সমর্থক আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদকে (এম ইউ আহমেদ) হত্যার অভিযোগে করা আবেদনটি মামলা হিসেবে (এফআরআই) লিপিবদ্ধ করা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বারে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল হবে।ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আজ সব জেলা বারে বিএনপিসহ চারদলের ডাকা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রফিকুল ইসলাম মিয়া। এ সময় ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন, রাগিব রউফ চৌধুরী, জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে করা মামলায় বিএনপি-সমর্থক দুই আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তাঁরা হলেন, এ বি এম ওয়ালিউর রহমান খান ও গোলাম মোহাম্মদ চৌধুরী।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল বুধবার তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনকারীদের আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন আদালত।