২৬ সেপ্টেম্বর থেকে কলকাতায় বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা। কলকাতার নন্দন চত্বরে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় সপ্তাহব্যাপী এই মেলা শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে। কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের ব্যবস্থাপনায় এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরে আজ রোববার সকালে ইপিবির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। মেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি, নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ, মেলা কমিটির আহ্বায়ক ফরিদ আহমেদ। এ সময় ইপিবির মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মণসহ ইপিবি ও সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর মেলায় ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর বিকেলে নন্দন একাডেমি মিলনায়তনে ‘মৈত্রীর জন্য বই’ এবং ৩০ সেপ্টেম্বর ‘বাংলা কথাসাহিত্য এবং বাঙালি পাঠক’ শীর্ষক দুটি আলোচনা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

আয়োজকেরা জানান, ২০১১ সালে প্রথমবার মেলা করার পর পশ্চিমবঙ্গের পাঠকদের বিপুল সাড়া পাওয়া গিয়েছিল। সেই অনুপ্রেরণাতেই প্রতিবছর মেলা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পাঠকদের মধ্যে বাংলাদেশের বইয়ের আগ্রহ ক্রমেই বাড়ছে। আমাদের লেখকেরা সেখানে জনপ্রিয়তা অর্জন করছেন। সে দেশের পাঠকদের আগ্রহ ধরে রাখতে এবং বই তাঁদের কাছে সহজলভ্য করার জন্যই নিয়মিত এই মেলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ১৩ লাখ ৮৮ হাজার মার্কিন ডলারের বই রপ্তানি হয়েছে, এর সিংহভাগই গেছে ভারতে।

কলকাতায় বাংলাদেশের বইমেলাকে পরিচিত ও জনপ্রিয় করে তুলতে এবার আগের তুলনায় অধিক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা শহরের ১০০টি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে বড় আকারের হোর্ডিং দেওয়া হচ্ছে, সে দেশের ‘পাক্ষিক দেশ’ পত্রিকাসহ বিভিন্ন দৈনিকে মেলার বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সংবাদ সম্মেলন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের ব্যবস্থা করা হয়েছে।

মেলার পরও যেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের বইয়ের বিপণনব্যবস্থা অব্যাহত থাকে, সেই চেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন প্রকাশক নেতারা। তাঁরা এ জন্য কলকাতার প্রকাশক ও বই আমদানিকারকদের সঙ্গে আলোচনা, পশ্চিমবঙ্গের বিভিন্ন পাঠাগারে বাংলাদেশের বই সরবরাহের ব্যবস্থা করার জন্য পাঠাগারবিষয়ক মন্ত্রীর সঙ্গেও তাঁরা আলোচনা করবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

যে প্রকাশনীগুলো অংশ নিচ্ছে: বাংলা একাডেমী, অনন্যা, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অনুপম প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউস, কথা প্রকাশ, কাকলী প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, বিদ্যা প্রকাশ, বেঙ্গল পাবলিকেশনস, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড, বাংলা প্রকাশক, ভাষাচিত্র, মাওলা ব্রাদার্স, নবযুগ প্রকাশনী, নালন্দা, সময় প্রকাশন, সন্দেশ, সংঘ প্রকাশন, সদর প্রকাশনী, সাহিত্য প্রকাশ ও প্রথমা প্রকাশন।