২৬ সেপ্টেম্বরের ঘটনার ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) চট্টগ্রাম ক্যাম্পাসে গত ২৬ সেপ্টেম্বর সংঘটিত ঘটনার ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাখ্যা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির চারটি সুপারিশও তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সামাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য কে এম সাইফুল ইসলাম খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ মহসিন চৌধুরী, মো. ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ আনোয়ারুল হক চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর একজন ছাত্র ও একজন নিরাপত্তাকর্মী এবং পরবর্তী সময়ে ছাত্র ও খুলশী মার্টের প্রধান পরিচালন কর্মকর্তার সঙ্গে বাদানুবাদকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১ অক্টোবর সিন্ডিকেট সভায় সহ-উপাচার্য কে এম সাইফুল ইসলাম খানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সিন্ডিকেট এ ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো পড়ে শোনানো হয়। এতে বলা আছে, খুলশী মার্টের প্রধান পরিচালন কর্মকর্তা এবং হামলার সঙ্গে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইউআইটিএস চট্টগ্রাম ক্যাম্পাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর জবাবের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, দোষী ছাত্রদের অস্থায়ীভাবে বহিষ্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পিএইচপি গ্রুপের উদ্যোগে ২০০৩ সালে ইউআইটিএস প্রতিষ্ঠিত হয়।