২৬,১৯০ কিলোমিটার বিদ্যুৎ লাইন বসানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ হাজার ১৯০ কিলোমিটার নতুন বিদ্যুৎ​ সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ৪৩টি জেলার সাড়ে ১১ লাখ গ্রাহক বিদ্যুৎ​-সংযোগ পাবেন। চলতি বছরের জুন মাস থেকে ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে তিনটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই বিদ্যুৎ​ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিদ্যুৎ​ খাতের এ তিন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

অনুমোদিত এ তিন প্রকল্প হলো: পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২ এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২। এ তিন প্রকল্পে মোট ব্যয় হবে চার হাজার ৭১৭ কোটি ৮৭ লাখ টাকা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকল্প তিনটি বাস্তবায়ন করবে।

জানা গেছে, ঢাকা বিভাগে আট হাজার ৯৪০ কিলোমিটার, রাজশাহী-রংপুর বিভাগে সাত হাজার ৭০০ কিলোমিটার, সিলেট-চট্টগ্রাম বিভাগে নয় হাজার ৫৫০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হবে। এর পাশাপাশি পুরোনো লাইনের সংস্কারও করা হবে। এই তিন প্রকল্পের আওতায় ৯৬টি ৩৩/১১ কেভি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ ও ৩৮ দশমিক ৪ একর ভূমি অধিগ্রহণ করা হবে।  ২০২০ সালের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে হলে মোট তিন লাখ ২৬ হাজার ২৬৩ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন থাকতে হবে। বর্তমানে এক লাখ ৯৯ হাজার ১৭৬ কিলোমিটার লাইন রয়েছে।

পল্লী অঞ্চলে এখনো লোডশেডিং অসহনীয় পর্যায়ে, তাহলে বিদ্যুৎ​ উৎপাদন না করে সঞ্চালন লাইন নির্মাণের উদ্যোগ কেন, এমন প্রশ্নের জবাবে সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুতের যে চাহিদা নিরূপণ করে, তা ঠিক থাকে না। বিদ্যুৎ​ ব্যবহারের নতুন নতুন উৎস যুক্ত হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ১১ কোটি মুঠোফোন গ্রাহক তাঁদের মুঠোফোন সেট চার্জ দেন। আবার গ্রাম-গঞ্জে হাজার হাজার ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া হয়। এ ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে কম্পিউটারে বিদ্যুৎ​-সংযোগ দেওয়া হয়।

গতকালের সভায় মোট সাত হাজার ৮৩৯ কোটি টাকার ছয়টি প্রকল্প পাস হয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার ৪৪১ কোটি টাকা দেওয়া হবে। আর প্রকল্প সাহায্য হিসেবে দুই হাজার ৩৯৭ কোটি টাকা পাওয়া যাবে।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ইনক্লুসিভ সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (আইসিজিপি), নরসুন্দা নদী পুনর্বাসন কিশোরগঞ্জ পৌরসভাসংলগ্ন এলাকা উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প।

সভাসূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, শহর এলাকার অবকাঠামো উন্নয়নে এমনভাবে প্রকল্প নেওয়া উচিত, যেন বর্জ্য ও পয়োনিষ্কাশন সরাসরি নদীতে পড়ে, অথবা শহর এলাকায় বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

এডিপি বাস্তবায়ন ৯৫%: বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে ৯৫ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী। সারা বছরে খরচ হয়েছে ৫৬ হাজার ৭৯৩ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ৬০ হাজার কোটি টাকা। তিনি বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় শতভাগ এডিপি বাস্তবায়ন করেছে।