২৬-২৭ অক্টোবর ঢাকায় ক্যারিয়ার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ ও ২৭ অক্টোবর রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়-প্রথম আলো জবস ক্যারিয়ার ফেয়ার ২০১৩’। প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে স্নাতকোত্তীর্ণ ছাত্রছাত্রীরা সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এই মেলায়, জানবেন চাকরির বাজার সম্পর্কেও।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবসের কর্মকর্তারা। রাজধানীর কারওয়ান বাজারে জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রি) মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, স্নাতক শ্রেণীতে পড়ার অসংখ্য বিষয় আছে। বাংলাদেশে বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগও তৈরি হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা সুযোগটা নিচ্ছেন না। সে কারণে পোশাকশিল্প খাতের বড় পদগুলোয় ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও থাইল্যান্ডের লোকজন কাজ করছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবসের মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ সম্পর্কে জানা ও বোঝার সুযোগ পাবেন বলেও জানান আইনুন নিশাত।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, নৃশংসতা, বর্বরতা, হরতাল; পদ্মা সেতু, ডেসটিনি, হল-মার্কের কেলেঙ্কারি সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর প্রতিটি লেখায় বাংলাদেশের অগ্রগতির কথা বলেছেন। কিন্তু বাংলাদেশে এখনো মানবসম্পদটা বড় বাধা। ঠিক জায়গায় ঠিক লোকের অভাব আছে।ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরামর্শক কুমার মুর্শিদ বলেছেন, বাংলাদেশে স্নাতক পাস ছেলেমেয়েদের একটা বড় অংশ বেকার। অনেকে উপযুক্ত পদে নেই, অনেকে কম বেতনে কাজ করেন, অনেকে বছরের পুরোটা সময় কাজ করেন না। এ নিয়ে আলাপ-আলোচনা হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না।এবিসি রেডিওর প্রধান নির্বাহী সানাউল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী, প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।এ সময় জানানো হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় মেলা সামনে রেখে তিনটি ও প্রথম আলো জবস তিনটি সেমিনারের আয়োজন করছে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। সরকারি-বেসরকারি যেকোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশ নিতে পারবেন।ব্র্যাক বিশ্ববিদ্যালয়-প্রথম আলো জবসের উদ্যোগে এই ক্যারিয়ার ফেয়ার আয়োজনে সহযোগিতা করছে ওরিয়ন গ্রুপের মিডিয়া সহযোগী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, প্রথম আলো, এবিসি রেডিও ও চ্যানেল আই।