
২৬টি গাড়ি অতিরিক্ত থাকার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আরও ১৬টি নতুন গাড়ি কিনছে। ডিএসসিসির এই চাহিদাপত্র অনুমোদনও করে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, এসব গাড়ি কিনতে কমপক্ষে পৌনে আট কোটি টাকা খরচ হবে। ডিএসসিসি ও মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।যোগাযোগ করা হলে ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয় ১৬টি গাড়ি কেনার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে একসঙ্গে কিনতে হবে, এমন নয়। পর্যায়ক্রমে কেনা যায় কি না, সেটাও ভাবা হচ্ছে।’২৬টি গাড়ি অতিরিক্ত থাকার পরও কেন আবার গাড়ি কেনা হচ্ছে? এ প্রশ্নের জবাবে ডিএসসিসির পরিবহন বিভাগের ব্যবস্থাপক মিল্লাতুল ইসলাম বলেন, প্রস্তাবিত জনবলকাঠামো অনুমোদিত হলে গাড়ির প্রয়োজন হবে। সে জন্য আগে থেকেই গাড়ি কেনার চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আরও অনেক গাড়ি লাগবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশন ভাগ হলেও প্রায় ১৮ মাসে জনবলকাঠামো তৈরি হয়নি। খসড়া হয়েছে।এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সম্প্রতি দুটি নতুন পাজেরো জিপ কিনেছে। প্রতিটির দাম পড়েছে ৫৬ লাখ পাঁচ হাজার টাকা। এ ছাড়া মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে আরও দুটি মিনিবাস, দুটি মাইক্রোবাসের জন্য। এগুলো কিনতে খরচ হবে এক কোটি টাকার ওপর।ডিএসসিসির তালিকার ১৬টি গাড়ির মধ্যে ছয়টি রয়েছে পাজেরো। সম্পূর্ণ নতুন এসব গাড়ি কেনার কথা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে। এর আগে গত বছরের জুলাইয়ে ডিএসসিসি পাজেরো স্পোর্ট কিনেছিল প্রায় ৭০ লাখ টাকায়। বর্তমানে প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছে যে পাজেরো স্পোর্ট রয়েছে, তার মূল্য ৭২ লাখ ২৬ হাজার টাকা। এ হিসাবে ছয়টি গাড়ির মূল্য পড়বে চার কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা। এ ছাড়া কেনা হচ্ছে ছয়টি মাইক্রোবাস ও পিকআপ এবং চারটি কার। মাইক্রোবাস প্রতিটির দাম ২৮ লাখ ৫০ হাজার এবং পিকআপ ৪১ লাখ ৭২ হাজার টাকা করে।রাজধানীর তেজগাঁওয়ে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কার্যালয় ও প্রদর্শনী কেন্দ্রে যোগাযোগ করে জানা যায়, সম্প্রতি উত্তর সিটি করপোরেশনকে যে পাজেরো জিপ দেওয়া হয়েছে, সেগুলো আর নেই। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫৬ লাখ পাঁচ হাজার টাকার পাজেরো জিপ এখন উপজেলা চেয়ারম্যানরাও নিতে চান না। সে জন্য এ গাড়িগুলোর আমদানি কম। তাঁদের কাছে মজুত রয়েছে পাজেরো স্পোর্ট গাড়ি।
পরিবহন বিভাগের ব্যবস্থাপক মিল্লাতুল ইসলাম বলেন, ‘আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে গাড়ি নেব। এতে কোনো বিতর্ক সৃষ্টি হবে না। পাজেরো স্পোর্টই নেওয়া হবে। এ ছাড়া ভালো ব্র্যান্ডের অন্য গাড়িও নেওয়া হবে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে।’
ডিএসসিসির দায়িত্বশীল সূত্রমতে, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আবশ্যিক খরচ মেটাতে হিমশিম খেলেও সিটি করপোরেশনের গাড়ি কেনার ক্ষেত্রে কোনো কার্পণ্য নেই। গত ফেব্রুয়ারিতে গাড়ি নিয়ে অনিয়ম-দুর্নীতি বিষয়ে ডিএসসিসি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছিল, বরাদ্দ নীতিমালা অনুযায়ী ডিএসসিসির গাড়ির সংখ্যা হওয়ার কথা ৩৯। কিন্তু ব্যবহূত হচ্ছে ৬৫টি। বাড়তি ২৬টি গাড়ির অপব্যবহার চলছে। এর ভিত্তিতে ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলাম গত ১৯ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপককে (পরিবহন) লিখিতভাবে অতিরিক্ত গাড়িগুলো ‘ক্লোজ’ করার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, দুই সিটি করপোরেশনেই গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিলাসিতা হচ্ছে। কোনো কোনো কর্মকর্তা দু-তিনটি গাড়িও ব্যবহার করছেন। প্রাধিকার নীতিমালা অনুযায়ী, সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের উপযুক্ত নন, এমন কর্মকর্তারাও গাড়ি নিয়েছেন। আবার যাঁরা প্রাধিকারযোগ্য, তাঁদের অনেকে গাড়ি পাচ্ছেন না।
ডিএসসিসিতে ব্যবহূত গাড়িগুলোর মধ্যে কার ব্যবহার করার কথা ১৩টি, ব্যবহূত হচ্ছে ১২টি। জিপ থাকার কথা ১৮টি, চলছে ২৭টি। একটি কারের তুলনায় জিপের দাম তিন গুণ বেশি। কর্মচারীদের আনা-নেওয়ার জন্য তিনটি মাইক্রোবাস থাকার কথা। ব্যবহূত হচ্ছে নয়টি। কিন্তু যাঁদের যাতায়াতের কথা, তাঁরা সেবা পান না। আলাদাভাবে স্টাফ বাস থাকার কথা দুটি, রয়েছে একটি। বরাদ্দ না থাকলেও চারটি অ্যাম্বুলেন্স ব্যবহূত হচ্ছে। কিন্তু এগুলো অসুস্থ বা রোগী আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয় না। কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ১২টি পিকআপ ব্যবহার করা হচ্ছে, থাকার কথা তিনটি।
সিটি করপোরেশন সূত্রমতে, আগে জ্বালানি তেলের জন্য মাসে খরচ হতো আড়াই থেকে তিন কোটি টাকা। দুই ভাগ হওয়ার পর এই খরচ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। কারের তুলনায় জিপে তেল খরচ প্রায় তিন গুণ বেশি। তার পরও গত আগস্টে প্রায় ৭০ লাখ টাকায় একটি পাজেরো স্পোর্ট জিপ কেনা হয়েছিল (১৪-১৮১৬)।
অতিরিক্ত ২৬ গাড়ি ব্যবহার করছেন যাঁরা: ডিএসসিসির অতিরিক্ত ২৬টি গাড়ি প্রাধিকারযোগ্য কোনো কর্মকর্তা ব্যবহার করছেন না। একটি নিশান জিপ ব্যবহার করছেন পরিবহন পুলের মহাব্যবস্থাপক ইমদাদুদ দস্তগীর (১১-৪৭২১), ব্যবস্থাপক মিল্লাতুল ইসলাম ব্যবহার করছেন জিপ টয়োটা ক্রুজার। অতিরিক্ত বর্জ্য কর্মকর্তার কাছে আছে নিশান জিপ (১১-৪৭২২), প্রধান হিসাব কর্মকর্তা ব্যবহার করছেন নিশান জিপ (১১-৫৪২৫)। প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার আবু নাসের ভূঁইয়া ব্যবহার করছেন একটি পাজেরো জিপ (১১-৪৬১১)। পরিবহন পুলে আরও ১০টি গাড়ি যথেচ্ছ ব্যবহূত হচ্ছে।
ডিএসসিসির প্রশাসক নজরুল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। প্রথম আলোকে তিনি বলেন, প্রায় ছয় মাস আগে এখানে যোগ দেওয়ার পর থেকেই তিনি গাড়ির বিষয়ে শৃঙ্খলা আনার চেষ্টা করছেন। এ বিষয়ে কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।