২৬টি খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে সরকারি ২৬টি খাল দখল করে বিপণিবিতানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয় প্রভাবশালীরা এসব স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা-খাঞ্জাপুর খালের সংযোগমুখ দখল করে প্রভাবশালী মো. আরজ আলী চাতাল নির্মাণ করেছেন। আরজ আলী দাবি করেন, এই খাল অনেক আগেই ভরাট করা হয়েছিল। তাই এখানে তিনি চাতাল নির্মাণ করেছেন।উপজেলার বাকাই-মাগুরা খালের সংযোগমুখ দখল করে বহুতল ভবন নির্মাণ করেন বাকাই বাজার কমিটির সভাপতি মো. শাহজাহান। তিনি দাবি করেন, তিনি তাঁদের রেকর্ড করা সম্পত্তিতে ভবন নির্মাণ করেছেন। উপজেলা সদরের গয়নাঘাট-আশোকাঠি খাল ভরাট করে চারটি বিপণিবিতান নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, খাল ভরাট করে বিপণিবিতান নির্মাণ করায় উপজেলা সদর ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিপণিবিতানগুলোর মালিক মো. ঠান্ডা খান, হান্নান শরীফ ও হাসানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সরকারি খালে নয়, তাঁরা নিজেদের জায়গায় বিপণিবিতান নির্মাণ করেছেন। উপজেলার মাহিলাড়া বাজারসংলগ্ন মাহিলাড়া-ছয়গ্রাম খালের সংযোগ মুখে লোকমান মিয়া ও সেলিম কবিরাজসহ কতিপয় প্রভাবশালী বহুতল ভবন নির্মাণ করেছেন। তাঁরা খাল দখলের অভিযোগ অস্বীকার করেন। উপজেলার টরকী-সাউদের খালের প্রায় পৌনে এক কিলোমিটার দখল করে পাকা ও আধা-পাকা ভবন নির্মাণ করা হয়েছে। স্থানীয় ৫০ জন প্রভাবশালী ব্যক্তি এগুলো নির্মাণ করেছেন। দখলকারীদের মধ্যে জাকির হোসেন, মোশাররফ হোসেন, হারুন-অর-রশিদ ও দেলোয়ার হোসেন খাল দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, খালের জমি তাঁরা নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। কিন্তু তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া উপজেলার বাটাজোর ইউনিয়নে ছয়টি, নলচিড়া ইউনিয়নে আটটি ও শরীকল ইউনিয়নে পাঁচটি খাল দখল করে স্থানীয় প্রভাবশালীরা স্থাপনা নির্মাণ করেছেন।গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী খাল দখল হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।