২৬টি বিদ্যালয়ের প্রধান ও কমিটির সভাপতিকে তলব
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বেশি টাকা আদায় করায় রাজধানীর ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে হাইকোর্ট তলব করেছেন। একই সঙ্গে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকেও হাজির হতে বলা হয়েছে।
আগামী ৬ জানুয়ারি তাঁদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়েছে। উল্লেখ্য, ভর্তিতে অতিরিক্ত ভর্তি ফি আদায়সংক্রান্ত আরেকটি রিট আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় রয়েছে।
গতকালের আদেশ বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে গতকাল আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়। এতে অতিরিক্ত ফি নেওয়া ২৬টি বিদ্যালয়ের নাম রয়েছে। আদালত এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং কমিটির সভাপতিকে ব্যাখ্যা দিতে বলেছেন।
বোর্ডের প্রতিবেদন অনুসারে বেশি টাকা আদায় করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফায়দাবাদের দ্য চাইন্ড ল্যাব স্কুল, উত্তরার মাইলস্টোন কলেজ, মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়, ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর আলিমুদ্দিন উচ্চবিদ্যালয়, মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর বাঙলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, জান্নাত একাডেমি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আজমপুরের হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চবিদ্যালয়, লালবাগের রায়হান কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ. ল্যাব হাইস্কুল, ওয়াই ডব্লিউ সি এ স্কুল, হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয় ও মোহাম্মদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
আদালত সূত্র জানায়, ২৬টির মধ্যে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যে অতিরিক্ত হিসেবে নেওয়া টাকা শিক্ষার্থীদের ফেরত দিয়েছে। বোর্ডের আইনজীবী মিজানুর রহমান জানান, এই ছয়টি প্রতিষ্ঠান বোর্ডকে লিখিতভাবে টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হলো গভ. ল্যাব হাইস্কুল, ওয়াই ডব্লিউ সি এ স্কুল, উত্তরার মাইলস্টোন কলেজ, আজমপুরের হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চবিদ্যালয়, জান্নাত একাডেমি ও ফায়দাবাদের দ্য চাইন্ড ল্যাব স্কুল। এ ছাড়া আরও সাতটি বিদ্যালয় বেশি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ডের কাছে। বাকি ১৩টি বিদ্যালয় জবাবই দেয়নি।
‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে গত ১০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি এক হাজার ৪০০ টাকা। অথচ বাড়তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবেদন বিবেচনায় নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। এতে বিভিন্ন অজুহাতে সরকার নির্ধারিত ফিসের অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আদেশে বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই কোচিংসহ যেকোনো অজুহাতে এক হাজার ৪০০ টাকার (বিলম্ব ফি ছাড়া) বেশি নিতে পারবে না। এ ছাড়া এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তদন্ত করে ১০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতেও নির্দেশ দেওয়া হয়েছিল।
এই পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়।
কমিটি তদন্ত করে ২৬টি স্কুলের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেয়। গতকাল বোর্ডের পক্ষে আইনজীবী মিজানুর রহমান প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের পক্ষে সত্যতা নির্ণয়বিষয়ক প্রতিবেদন দাখিল করেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান।
স্বতঃপ্রণোদিত রুলের পরও কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি ফি আদায় করছে মর্মে আইনজীবী মাহফুজুর রহমান ব্যাখ্যাকারী হিসেবে আবেদন করেন। এর শুনানি নিয়ে ২৫ নভেম্বর আদালত অতিরিক্ত ফি আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন।