ঢাকার ২৬ স্কুলের প্রধান এবং সভাপতিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ বাবদ শিক্ষা বোর্ড নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে ঢাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তলব করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় পরে প্রথম আলোকে বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আজ একটি প্রতিবেদন দাখিল করা হয়। এতে অতিরিক্ত ফি নেওয়া ২৬টি বিদ্যালয়ের নাম রয়েছে। আদালত ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এবং কমিটির সভাপতিকে ব্যাখ্যা জানাতে ৬ জানুয়ারি আদালতে হাজির হতে বলেছেন।

বোর্ডের প্রতিবেদন অনুসারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো: সিদ্দেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফায়দাবাদের দ্য চাইন্ড ল্যাব স্কুল, উত্তরার মাইলস্টোন কলেজ, মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আলিমুদ্দিন উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়, জান্নাত একাডেমি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আজমপুরের হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চবিদ্যালয়, লালবাগের রায়হান কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়, আহমেদ বাওয়ানী একাডেমি, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়, কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নিউমার্কেটের গভ. ল্যাব হাইস্কুল, ওয়াই ডব্লিও সিএ স্কুল, হলিক্রস উচ্চবালিকা বিদ্যালয় ও মোহাম্মদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে গত ১০ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি এক হাজার ৪০০ টাকা। অথচ বাড়তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবেদন বিবেচনায় নিয়ে ওই দিন আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে বিভিন্ন অজুহাতে সরকার নির্ধারিত এক হাজার ৪০০ টাকা ফির অতিরিক্ত ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
আদেশে বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ফরম পূরণ করে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের কাছ থেকে কোনো অজুহাতে, তথা কোচিং বা অন্য যা কিছুই হোক না কেন, এক হাজার ৪০০ টাকার (বিলম্ব ফি ছাড়া) অতিরিক্ত ফি আদায় করা যাবে না। ওই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তদন্ত করে ১০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
১১ নভেম্বর ঢাকা শিক্ষা বোর্ড এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে। এরপর ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তকীকরণ বিজ্ঞপ্তি দেয়। কমিটি তদন্ত করে ২৬টি স্কুলের তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জমা দেয়।
এর পরও কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি ফি আদায় করছে উল্লেখ করে ব্যাখ্যাকারী হিসেবে আইনজীবী মাহফুজুর রহমানের করা এক আবেদনের শুনানি নিয়ে ২৫ নভেম্বর আদালত আদেশ দেন।
আজ ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান ওই প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। আর পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনের পক্ষে সত্যতা নির্ণয়বিষয়ক প্রতিবেদন দাখিল করেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।