২৬টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসন দুই বছর আগে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টিগোচর না হওয়ায় সেই ঝুঁকিপূর্ণ ভবনেই বর্তমানে চলছে পাঠদান। গত সপ্তাহে একটি বিদ্যালয়ের ছাদ ধসে পড়ায় আতঙ্ক বিরাজ করছে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
জানা যায়, দুই বছর আগে উপজেলার ১২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের মধ্যে ২৬টি ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আ ফ ম জাহিদ ইকবাল জানান, ব্যবহার অনুপযোগী ২৬টি বিদ্যালয়ের ভবনে বর্তমানে পাঠদান করা সম্ভব হচ্ছে না। ভবনধসের আশঙ্কায় এসব বিদ্যালয়ে অভিভাবকেরা তাঁদের ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে সনমান্দি ইউনিয়নের নীলকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামগোবিন্দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গত বুধবার সকালে ও রাতে বৃষ্টির পর বিভিন্ন শ্রেণিকক্ষে পানি জমে আছে। সকালে বৃষ্টির সময় এসব বিদ্যালয়ের ছুটি ঘোষণা করতে বাধ্য হন শিক্ষকেরা।
নীলকান্দা নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক জানান, এরশাদ সরকারের আমলে বিদ্যালয়টি টিনশেড ভবন করার পর নতুন করে আর কোনো ভবন নির্মাণ করা হয়নি।
রামগোবিন্দেরগাঁও ও পেচাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বুধবারের বৃষ্টির পর গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। এ দুটি বিদ্যালয়ের ভবন পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই বছর ধরেই বিদ্যালয়ের ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

চতুর্থ শ্রেণির ছাত্র শফিকুল ইসলাম জানায়, ‘আমাদের স্কুলের ভবন যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এ জন্য আমরা ভয় নিয়ে ক্লাস করি।’
এদিকে গত ২৩ মার্চ সোনারগাঁ পৌরসভার দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ে একজন ছাত্রী গুরুতরভাবে আহত হয়। এ ঘটনার পর থেকে ভবন ধসে পড়ার আশঙ্কায় উপজেলার বিভিন্ন জরাজীর্ণ ভবনের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
দরপত ঠোটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নেসা জানান, বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনটি শ্রেণিকক্ষের একটি ভবন নির্মাণ করে সরকার। ২০১০ সালে বিদ্যালয়টির একটি শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ে। গত সোমবার আরও একটি কক্ষের ছাদ ধসে পড়েছে। এখন একটি কক্ষে পাঠদান করা সম্ভব নয়। ফলে বিদ্যালয়টিতে পাঠদান অসম্ভব হয়ে পড়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম জানান, ব্যবহার অনুপযোগী জরাজীর্ণ ভবন ও ভবনধসের পর থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা প্রথম আলোকে জানান, ‘শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে হলে অবশ্যই বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ করতে হবে। আমরা বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবগত করেছি।’