২৬টি স্বর্ণজয়ী সাঁতারু আরিফার আত্মহনন
জাতীয় জুনিয়র দলের সাঁতার প্রতিযোগিতায় ২৬টি স্বর্ণ ও চারটি রৌপ্য পদকজয়ী কৃতী সাঁতারু আরিফা খাতুন (১৫) গত সোমবার রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। আরিফা কুষ্টিয়ার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে ও স্থানীয় আমলা জাহানারা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফা গত সোমবার সন্ধ্যা থেকে নিজের কক্ষের দরজা বন্ধ করে পড়াশোনা করছিল। রাত নয়টার দিকে তার কক্ষ থেকে গোঙানির শব্দ আসে। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল হাসান প্রথম আলোকে বলেন, আরিফাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।আরিফার মা ময়না খাতুন গতকাল মঙ্গলবার বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বিলাপ করতে করতে প্রথম আলোকে জানান, আরিফা সোমবার বিকেলে কোচিং থেকে বাড়ি ফিরে আসে। খাবার খেয়ে সন্ধ্যায় নিজের কক্ষে ঢোকে। পরে রাত নয়টার দিকে ওই কক্ষ থেকে গোঙানির শব্দ শোনা যায়। তিনি জানান, আরিফার সঙ্গে ওই বাড়ির কারও ঝগড়া, এমনকি কথাকাটাকাটিও হয়নি। কেন সে আত্মহত্যার পথ বেছে নিল ভেবে পান না তিনি। এক ভাই আর দুই বোনের মধ্যে আরিফা ছিল সবার বড়। আরিফার উপার্জনের টাকা দিয়ে পাকা ঘর তৈরি করা হচ্ছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আরিফাকে মাস দুয়েক আগে জাতীয় আনসার দল থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে আরিফা মানসিকভাবে ভেঙে পড়ে। আনসারের সহকারী কোচ কামাল হোসেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আরিফাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। সে প্রায় দুই মাস দলের বাইরে ছিল। নিয়মিত অনুশীলন করত না। তাই তাকে দলের পক্ষে নৈপুণ্য পরীক্ষা নেওয়া হবে বলে মৌখিকভাবে জানানো হয়েছিল।মিরপুর উপজেলার আমলা সাগরখালী সুইমিং ক্লাবের কোচ মর্জিনা খাতুন জানান, মাস খানেক আগে আরিফা তাঁর ক্লাবে অনুশীলনের জন্য যায়। আরিফা জানায়, ‘আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। আমার জীবনে অনেক কিছুই হয়ে গেছে। কিন্তু বলতে পারছি না।’মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মিরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।