২৬১টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ও ধামরাইয়ে ২৬১টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র নেই। এ দুটি উপজেলায় ১৬২টি ইটভাটাকে জেলা প্রশাসন থেকে ইট পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ছাড়া ভাটার অনুমোদন প্রদান নিষিদ্ধ।
উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সাভার ও ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ২৮৯টি। এর মধ্যে ১২৭টি ইটভাটার অনুমোদন নেই। আর পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ দুই উপজেলায় ইটভাটা আছে ২৭৯টি। এর মধ্যে অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র আছে ২৮টির। তথ্য অধিকার আইনে আবেদন করে এসব তথ্য পাওয়া গেছে।
তথ্য অধিকার আইন ব্যবহার করে প্রথম আলোর পক্ষ থেকে গত ১১ ডিসেম্বর সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন ইটভাটার সংখ্যা জানতে চেয়ে আবেদন করা হয়। একই দিন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র পাওয়া ইটভাটার নাম ও ঠিকানা জানতে চেয়ে পৃথক আবেদন করা হয়। ওই সব আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও সাভারের ইউএনওর কার্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়। ধামরাইয়ের ইউএনওর কার্যালয় থেকে নির্দিষ্ট সময়ে তথ্য না পেয়ে ১৫ মার্চ তথ্য কমিশনে অভিযোগ দায়ের করা হয়। অবশ্য এর আগে মৌখিকভাবে আংশিক তথ্য সরবরাহ করা হয়।
ইউএনওর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্য অনুযায়ী সাভারে ১৪২টি ইটভাটার মধ্যে ৭৫টির অনুমোদন নেই। আর ধামরাইয়ে ১৪৭টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে ৯৫টির। পরিবেশ অধিদপ্তর থেকে সরবরাহ করা তথ্য অনুযায়ী সাভারে ইটভাটা রয়েছে ১৮৩টি। এর মধ্যে অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র আছে সাতটির। আর ধামরাইয়ে ৯৬টি ইটভাটার মধ্যে ছাড়পত্র আছে ২১টির।
ধামরাইয়ের সাহাবেলীশ্বর, শিমুলিয়া, কালামপুর, ধামরাই সদর, নওগাঁও, বাথুলি ও নান্নার গ্রাম ঘুরে বসতবাড়ির আশপাশে অর্ধশতাধিক ইটভাটা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের সরবরাহ করা তথ্য অনুযায়ী এসব ভাটার মধ্যে ২১টির অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র আছে।
কালামপুর বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আছে নুর ব্রিকস। এই ভাটা থেকে আবাসিক এলাকার দূরত্ব মাত্র আধা কিলোমিটার। এ বিষয়ে জানতে চাইলে নুর ব্রিকসের ব্যবস্থাপক মো. লিটন বলেন, ধামরাইয়ে ভাটামালিকদের একটি সমিতি আছে। ওই সমিতির কর্মকর্তারাই সব ব্যবস্থা করে দেন। ভাটার মালিকদের কোনো বেগ পেতে হয় না।
স্থানীয় কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের শিক্ষক আওলাদ হোসেন বলেন, আবাসিক এলাকার মধ্যে স্থাপিত ইটভাটাকে অবস্থান ও পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন দেওয়া আইনের পরিপন্থী। সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত একশ্রেণির কর্মকর্তা বাস্তবতাকে আড়াল করে এসব ভাটার অনুমোদন ও ছাড়পত্র দিয়ে থাকেন।
সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আমিনুল হক ভূঁইয়া বলেন, সাভার ও ধামরাইয়ে আবাসিক এলাকার মধ্যে গড়ে ওঠা ইটভাটা বন্ধে ব্যবস্থা না নিয়ে বরং অনুমোদন দেওয়া হচ্ছে। অবস্থান ও পরিবেশগত ছাড়পত্রও দেওয়া হচ্ছে। এতে পরিবেশ হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে জানতে গতকাল শনিবার জেলা প্রশাসক (িডসি) সালাহউদ্দিন আহমেদের মুঠোফোনে কল িদলে তিনি ধরেনি।
পরে সাভারের ইউএনও আবু নাসের বেগের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ রকম হওয়ার কথা নয়। এমনটা হলে খতিয়ে দেখা উচিত।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের শর্ত পূরণ না করায় অধিকাংশ ইটভাটারই পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। আর যেসব ভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র আছে; আইনের পরিপন্থী হলে তা নবায়ন করা হবে না।
আলমগীর আরও বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে অধিদপ্তর থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে আইনের ফাঁকফোকরের কারণে সব সময় সব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে শিগগিরই অভিযান চালানো হবে।