২৬৬ শিক্ষার্থীর জন্য শিক্ষক দুজন!
বিদ্যালয়টি শতবর্ষ অতিক্রম করেছে অনেক আগেই। চারপাশ ঘেরা পুরোনো কাঁঠালের গাছগুলো ঘিরে থাকে বিদ্যালয় ভবন আর মাঠটি। রয়েছে একটি পুরোনোসহ দুটি পাকা ভবনও। এখানে পড়ালেখা করে ২৬৬ শিক্ষার্থী। কিন্তু ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে শিক্ষক আছেন মাত্র একজন।
নাটোরের গুরুদাসপুর উপজেলা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে নাজিরপুর ইউনিয়নের নন্দকুঁজা নদীর তীরে ১ নম্বর চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এখানে আটজন শিক্ষক থাকার কথা থাকলেও গত ফেব্রুয়ারি থেকে মাত্র দুজন দিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ১৯০১ সালে ৩৩ শতক জমির ওপর স্থানীয় লোকজনের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক শামস্ মোস্তারী চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেড় বছরের জন্য ডিপিএড প্রশিক্ষণে গেছেন। দ্বিতীয় শিক্ষক আবুল কালাম শামসুদ্দিন পক্ষাঘাতগ্রস্ত হয়ে ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে আসছেন না। আরও একজন শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০১৫ সাল থেকে। নাজনীন আক্তার গত বছরের ২৬ নভেম্বর থেকে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। শিক্ষক সালমা খাতুন বদলি নিয়ে সিংড়া উপজেলায় গেছেন তিন মাস আগে। সেখানে তাঁর স্বামী থাকেন। শিক্ষক হাসান আলী (গণিত) বিষয়ভিত্তিক প্রশিক্ষণে গেছেন। বর্তমানে কর্মরত আছেন শিক্ষক সাবিনা খাতুন ও ফেরদৌসী খাতুন। সাবিনা খাতুন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আর ফেরদৌসী খাতুন ২৬ ফেব্রুয়ারি যাবেন মাতৃত্বকালীন ছুটিতে।
শিক্ষক ফেরদৌসী খাতুন বলেন, এমনিতে তিনি শারীরিকভাবে অসুস্থ। শিক্ষক-সংকটে বাড়তি চাপ নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া দরকার।
প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সাবিনা খাতুন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ক্লাস শুরু হয়। প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের এ সময় পাঠদান করা হয়। দুজন শিক্ষকের পক্ষে এত শিশুর পাঠদান চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয়ের দপ্তরিকে দিয়েও ক্লাস নেওয়া হয়। তা ছাড়া প্রধান শিক্ষকের অবর্তমানে অনেক সময় দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
বিদ্যালয় কমিটির সভাপতি তারেক আলী বলেন, গ্রামের বিদ্যালয় হওয়ায় শিক্ষা বিভাগের নজর কম থাকে। চলমান সমস্যার কথা জানিয়েও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে নূপুর নামের একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ফেব্রুয়ারি থেকে নিয়োগ দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ফিরোজ হোসেন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনি নিজেও মাঝে মাঝে ক্লাস নেন।