নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর ওরফে বাবু হত্যা মামলার ২৭ আসামির মধ্যে ২৩ জনকে জামিন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নাটোরের অবকাশকালীন দায়রা জজ হোসেন শহীদ আহমেদ তাঁদের জামিন দেন।এর আগে আসামিরা গত ২০ নভেম্বর নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-৩ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।আদালত সূত্র জানায়, গতকাল ২৭ আসামির জামিন আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী (জেলা আওয়ামী লীগের সভাপতি) সাজেদুর রহমান খান, আরিফুল ইসলাম ও সাজেদুর রহমান চৌধুরীসহ বেশ কয়েকজন অংশ নেন। তাঁরা আদালতকে জানান, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। প্রতিপক্ষ দলের ইন্ধনে অহেতুক অনেককে আসামি করা হয়েছে। আসামিরা এর আগে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন। তাঁরা জামিন পাওয়ার হকদার।বাদীপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী মোজাম্মেল হোসেন মন্টু জামিন আবেদনের বিরোধিতা করেন। মোজাম্মেল আদালতকে জানান, এটা সাড়া জাগানো মামলা। আসামিরা প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে হত্যা করেছেন। আসামিরা কে, কীভাবে তাঁকে হত্যা করেছেন, তার ভিডিও ও আলোকচিত্র রয়েছে। এই জঘন্য হত্যা মামলায় আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত ব্যাহত হবে। এ ছাড়া আসামিরা যে সময়ের জন্য এর আগে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন, তার মেয়াদও শেষ হয়েছিল। তাই তাঁরা জামিন পেতে পারেন না।শুনানি শেষে বেলা দেড়টায় অবকাশকালীন দায়রা জজ (রাজশাহীর জেলা ও দায়রা জজ) হোসেন শহীদ আহমেদ জামিনের আদেশ পরে দেওয়ার কথা জানান। বিকেল সাড়ে চারটার দিকে খাসকামরা থেকে জামিনের আদেশ দেওয়া হয়। এতে আসামি কে এম জামিল হোসেন, মোয়াজ্জেম হোসেন, সেলিম হোসেন ও হাসেম আলীর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। মামলার প্রধান আসামি কে এম জাকির হোসেনসহ ২৩ জনের জামিন মঞ্জুর করা হয়।আসামিপক্ষের আইনজীবী সাজেদুর রহমান চৌধুরী এ আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’তবে বাদীপক্ষের আইনজীবী মোজাম্মেল হোসেন বলেন, ‘এতে আমরা ব্যথিত। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’নিহত সানাউল্লাহ বাবুর স্ত্রী মহুয়া নূর গতকাল সন্ধ্যায় আদালতে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। আজ থেকে আমি ও আমার সন্তানেরা আবার নিরাপত্তাহীনতায় পড়লাম। আমরা আর বিচার পাব বলে মনে হচ্ছে না।’গত বছরের ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরে সানাউল্লাহকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বনপাড়া পৌরসভার বর্তমান মেয়র ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী মামলাটি তদন্ত করছেন।আইনজীবী নিয়োগের অনুমতি মেলেনি: মহুয়া নূর গতকাল সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে অভিযোগ করেন, ‘সানাউল্লাহ হত্যা মামলায় ব্যক্তিগত আইনজীবী নিয়োগের জন্য আমি গত সোমবার নাটোরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলাম। কিন্তু তিনি নানা অজুহাতে আমাকে আইনজীবী নিয়োগের অনুমতি দেননি। আসামিরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় হয়তো জেলা প্রশাসক আমাকে এই সুযোগ দেননি। এতে আমার আশঙ্কা, সরকার এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার হতে দেবে না।’তবে নাটোরের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাদীর পক্ষে সরকারের নিয়োজিত পিপি মামলা পরিচালনা করছেন। এ ক্ষেত্রে ব্যক্তিগত আইনজীবী নিয়োগের সুযোগ আছে কি না, তা জানতে আমি পিপির মতামত চেয়েছি। মতামত পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’