২৭ এপ্রিল ঢাকার নারী সমাবেশে যোগ না দিতে নারীসমাজের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। ওই দিন কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবি ও ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির সাফল্য কামনায় নফল রোজা রাখার অনুরোধ করেছে সংগঠনটি।গতকাল মঙ্গলবার লালবাগের কার্যালয়ে হেফাজতের ঢাকা মহানগর কমিটির জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় তৈরি পোশাকশিল্পের নারীশ্রমিকদের ‘অসৎ মালিকদের’ প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়, ‘হেফাজতে ইসলামের দাবি মেনে নিলে নারীর ইজ্জত, অধিকার, তাঁদের কর্ম, ন্যূনতম বেতন-ভাতা সবকিছুই প্রতিষ্ঠিত হবে। কিন্তু তৈরি পোশাকশিল্পের মালিকদের একটি দলবাজ অংশ কারখানা বন্ধ রেখে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য নারীশ্রমিকদের জনবল হিসেবে সরবরাহ করতে চায়। অথচ, এই মালিকেরা আট হাজার টাকা ন্যূনতম মজুরি ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয় না। কিন্তু ইসলামবিরোধী সমাবেশে জনবল সরবরাহে উৎসাহ দেখায়।’ নারীদের উদ্দেশ করে হেফাজত আরও বলেছে, ‘কারও প্ররোচনা, প্রলোভন, ভয়-ভীতিতে আল্লাহ ও রাসুলের বিপক্ষে অবস্থান নিয়ে নিজের ইমানকে ধ্বংস করে জাহান্নামের দিকে ধাবিত হবেন না। নিজ নিজ পেশা ও কর্মস্থলে আত্মনিয়োগ করুন। ইসলাম আপনাদের কর্ম, পেশা ও চাকরির বিরুদ্ধে নয়। ইসলামের দুশমনেরা মিথ্যা প্রচারণা চালিয়ে আপনাদের আল্লাহ ও রাসুলের (সা.) বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’তৈরি পোশাকশিল্পের মালিকদের উদ্দেশ করে বলা হয়েছে, হেফাজতে ইসলামের মূল দাবি মহানবী (সা.) সম্পর্কে কুৎসাকারীদের শাস্তি প্রদান এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আইন প্রণয়ন করা। এমন ন্যায়সংগত দাবির বিরুদ্ধে দাঁড়ালে ইহকাল ও পরকাল উভয়ই বিপদগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এমনকি জনগণের রোষের শিকারেও পরিণত হতে পারেন।হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা নুর হোসেন কাসেমীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মাওলানা আবদুল লতিফ নেজামী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রব ইউসুফী প্রমুখ।চট্টগ্রামে সম্মেলন করার অনুমতি চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, ২৬ এপ্রিল হেফাজতে ইসলামকে শর্ত সাপেক্ষে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে রেসালত সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।