২৭ কিলোমিটার বেহাল, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো বগুড়া-দিনাজপুর ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কের ২৭ কিলোমিটার গর্ত ও খানাখন্দে ভরা। একটু বৃষ্টিতেই এসব খানাখন্দে কাদা-পানি জমে যায়। ফলে যানবাহনচালক ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
বগুড়ার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, বগুড়া-জয়পুরহাট হয়ে ক্ষেতলাল সড়কটি (পুরোনো বগুড়া-দিনাজপুর সড়ক) প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ। এই সড়কের বগুড়ার শহরতলির ঝোপগাড়ী থেকে জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখড়া সেতু পর্যন্ত অংশ দেখভাল করে সওজ। আর চরবাখড়া সেতুর পশ্চিম প্রান্ত থেকে বটতলীবাজার পর্যন্ত অংশ দেখভাল করে জয়পুরহাট সওজ।
এই সড়কে চলাচলকারী ১০-১২ জন অভিযোগ করেন, প্রায় এক যুগ ধরেই সড়কটির অবস্থা বেহাল। এর মধ্যে পীরববাজার থেকে চরবাখড়া পর্যন্ত অংশ এক যুগ ধরেই যান চলাচলের অনুপযোগী। ঝোপগাড়ী থেকে পীরববাজার পর্যন্ত অংশ মাঝেমধ্যে সংস্কার করা হয়। এরপরও তা কোনো কাজে আসছে না।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, বারপুর মোড় থেকে কালাই উপজেলার চরবাখড়া সেতু পর্যন্ত অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বারপুর, নুনগোলা, দশটিকা, ন্যাংড়াবাজার, ঘোড়াধাপ, মরাকাটা কুঁকরুল, নামুজা বন্দর, বুড়িগঞ্জ বাজার, পীরববাজারসহ বিভিন্ন জায়গায় কার্পেটিং উঠে গেছে। অর্ধশতাধিক স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে।
বারপুর এলাকার রিকশা-গ্যারেজের মালিক সেলিম হোসেন বলেন, এই গর্তে পড়ে বাস, সিএনজিচালিত অটোরিকশা, অটো টেম্পো, ইজিবাইক প্রায়ই আটকে যাচ্ছে। পণ্যবাহী ট্রাক চলাচল করছে ঝুঁকি নিয়ে।
ল্যাংড়াবাজারের মুদি দোকানদার তরিকুল ইসলাম বলেন, সড়কের পাশে ব্যবসাপ্রতিষ্ঠান। গর্তে যানবাহন পড়লেই কাদা-পানি ছিটকে এসে পড়ে শরীরে।
দলমহিন গ্রামের রিকশাচালক সিরাজুল ইসলাম বলেন, ‘রিকশা লিয়ে সড়কত বের হলে গর্তে চাকা আটকে যায়। খালি রিকশা টানতেও কষ্ট হয়।’
বাসের সুপারভাইজার আরিফ বলেন, যাতায়াতে দুর্ভোগের কারণে অনেকেই মোলামগাড়ী থেকে কালাই হয়ে অন্য রুটের বাসে বগুড়া যাতায়াত করেন।
বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন, ভাঙাচোরা ওই সড়কে চলাচল করতে অনেক সময়ই বাসের টায়ার-টিউব পাল্টাতে হয়।
সওজের বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আগামী জুনের মধ্যে সড়কটি সংস্কার করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।