২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজন গ্রেপ্তার
বগুড়ার ধুনটে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গত শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি স্থানীয় পল্লবী হাউজিং লিমিটেডের পরিচালক রবিউল আলম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রবিউল ২০০৪ সালে বগুড়ার শেরপুর উপজেলার কলেজ রোডে পল্লবী হাউজিং লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটিতে ১ লাখ টাকা সঞ্চয়ের বিপরীতে বছরে ২০ হাজার টাকা মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রবিউল ও তাঁর বন্ধু পল্লবী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ সিরাজগঞ্জের কাজীপুর ও বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৪ হাজার গ্রাহকের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়ে নেন। পরে গ্রাহকেরা তাঁদের পাওনা টাকা সময়মতো না পেয়ে তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে রবিউল প্রায় এক মাস আগে পল্লবী হাউজিংয়ের কার্যক্রম ও কার্যালয় বন্ধ করে আত্মগোপন করেন।
গত শনিবার সকালে রবিউলের বাবা মোসলিম উদ্দীন মারা যান। বাবার লাশ দাফন করতে রবিউল ধুনট উপজেলার ভান্ডারবাড়ী গ্রামে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা খবর পেয়ে রবিউলকে আটক করে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে তাঁকে আটক করে। খবরে পেয়ে শত শত গ্রাহক তাঁদের পাওনা টাকা আদায়ের দাবিতে ধুনট থানার সামনে জড়ো হন। তাঁরা সারা দিন থানা ঘেরাও করে রাখেন। পরে দিবাগত রাত দুইটার সময় সিরাজগঞ্জের কাজীপুর থানা-পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। তবে আবুল কালাম আজাদ এখনো পলাতক আছেন।
ভুক্তভোগী দুলাল হোসেন মাস্টার নামের এক ব্যক্তি বলেন, তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছে সংস্থাটি। এখন টাকা ফেরত চাইতে গেলে নানা টালবাহানা করছে।
ধুনট থানা হাজতে থাকা অবস্থায় রবিউল বলেন, গ্রাহকদের নামে জমি কিনে দেওয়ার চুক্তি ছিল। তাই তাঁদের টাকা দিয়ে জমি কেনা হয়েছে। কিন্তু গ্রাহকেরা নগদ টাকা ফেরত চাওয়ায় দ্বন্দ্ব দেখা দেয়। তাই এক মাস ধরে সংস্থার কার্যালয় বন্ধ রয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বলেন, মে মাসের প্রথম সপ্তাহে সিরাজগঞ্জ আমলি আদালতে একটি মামলা করা হয়। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তাই মামলা দায়ের হলে তাঁকে কাজীপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হবে।
সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় হাউজিং লিমিটেডের নামে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।