২৭ কোটি টাকায় 'চাতাল সড়ক'

সিলেট নগরে আম্বরখানা দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে বিকল্প সড়ক হিসেবে ‘বিমানবন্দর-বাদাঘাট বাইপাস’ সড়ক প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। প্রকল্প ব্যয় ছিল প্রায় ৪৫ কোটি টাকা।
২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে গত অর্থবছর হঠাৎ করে গুটানো হয় এ প্রকল্প। মাঝপথে প্রকল্প গুটানোয় নির্মাণকাজ অসম্পূর্ণ সড়কটি এখন ‘চাতাল’ (ধানমাড়াই, শুকানো) হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সওজ সূত্র জানায়, স্থানীয় সাংসদ হিসেবে সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যের বাইপাস সড়ক প্রকল্পে কাজ শুরু হয় ২০১১ সালে। ব্যয় নির্ধারণ করা ছিল ৪৫ কোটি ৪২ লাখ ৯৬ হাজার টাকা। তিন বছরে ২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ সম্পন্ন হয়। পুটিকাটা ও উপতাখালে দুটি সেতু নির্মাণকাজ চলাকালে প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ হয়ে পড়ে। গত অর্থবছরের শুরুতে প্রকল্প ‘আপাতত স্থগিত’ দেখিয়ে পুরো কাজ বন্ধ করে দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বাদাঘাট অংশের সংযোগ না হওয়ায় সড়ক দিয়ে যানবাহন চলাচল সরাসরি শুরু হয়নি। সড়কের প্রবেশমুখ বিমানবন্দর এলাকা দিয়ে আশপাশের বসতিগুলোর মানুষজনের যাতায়াতের জন্য অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করছে। তবে সড়কের প্রায় চার কিলোমিটারজুড়ে বোরো ও আমন মৌসুমে ধান মাড়াই, শুকানোর কাজে ব্যবহৃত হচ্ছে। দুই সেতুতেও চলে ধান শুকানোর কাজ। সড়কের পাশের এলাকার লোকজন পুরো সড়ককে ‘চাতাল’ বলে অভিহিত করছেন।
সওজের প্রকৌশল বিভাগ জানায়, বিমানবন্দর সড়কের সঙ্গে সংযুক্ত হয়ে বিমানবন্দরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে এ সড়ক গিয়ে মিলিত হয়েছে বাদাঘাটে। এ সড়ক হলে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথরবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের বিকল্প পথ তৈরি হবে। এতে করে নগরের কেন্দ্রস্থল বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত যানজট নিয়ন্ত্রিত হবে।
সওজের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, কাজ শুরুর এক বছর পর লাক্কাতুরা চা-বাগান এলাকায় সিলেট বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভ্যানু হিসেবে ঘোষণা হওয়ায় এ সড়কের গুরুত্ব বেড়ে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে ২০১৩ সালের ডিসেম্বর মাসে সড়ক নির্মাণকাজ সম্পন্নের তোড়জোড় শুরু হয়। কিন্তু ওই সময়ে কাজ সমাপ্ত না হওয়ায় প্রকল্পটি ঝুলে যায়। সওজের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবু এহতেশামও প্রথম আলোকে জানিয়েছিলেন, সর্বশেষ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করায় অর্থ বরাদ্দ স্থগিত করা হয়েছে। এরপর থেকে আর কাজ হয়নি।
সওজ সিলেটের বর্তমান নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম ২৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের বিষয়টি নিশ্চিত করেন। অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের এ অবস্থা কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, ওই বাইপাস সড়কের বিষয়টি অর্থমন্ত্রী মহোদয় নোট নিয়েছেন। পরবর্তী সময়ে তিনি এটি হয়তো দেখবেন।’
সওজের এ প্রকল্পে অর্ধেকের বেশি টাকা খরচ করে কাজ স্থগিত রাখা বড় ধরনের একটি আর্থিক অপচয় বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। ২৭ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়কটি বাস্তবে ‘চাতাল সড়কে’ পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে যদি এ অবস্থা হয়, তাহলে অন্য প্রকল্পগুলোর অবস্থা কী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।