২৭ গুণীজনকে সম্মাননা দিল আমিন জুয়েলার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২৭ গুণীজনকে সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে আমিন জুয়েলার্স প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা দেওয়া হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্মাননা পাওয়া গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন। তাঁরা প্রত্যেকে পান নগদ তিন লাখ টাকা, দুই ভরি ওজনের সোনার মেডেল, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয়।
তিন সদস্যের জুরিবোর্ড গুণীজনদের মনোনয়ন দেয়। জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
সম্মাননা দেওয়ার সময় সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে জুরিবোর্ডের সদস্যরা ছাড়াও আমিন জুয়েলার্স লিমিটেডের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া ২৭ গুণীজন হলেন আ ক ম যাকারিয়া (প্রত্নতত্ত্ববিদ), ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), আশালতা বৈদ্য (মুক্তিযোদ্ধা), এ এম হারুন অর রশীদ (বিজ্ঞান ও প্রযুক্তিবিদ), এ কে আজাদ খান (চিকিৎসক), কাঁকনবিবি (মুক্তিযোদ্ধা), জামিলুর রেজা চৌধুরী (পুরকৌশলী), তোফায়েল আহমেদ (রাজনীতিবিদ), তোয়াব খান (সাংবাদিক), দ্বিজেন শর্মা (প্রকৃতিবিদ), নূরজাহান বেগম (সাংবাদিক), প্রতিভা মুৎসুদ্দি (ভাষাসৈনিক), ফজলে হাসান আবেদ (সমাজকর্মী ও উন্নয়ন ব্যক্তিত্ব), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব), যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), রফিক-উল-হক (আইনজীবী), সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষাবিদ ও লেখক), সুকুমার বড়ুয়া (ছড়াকার), সুধীন দাশ (নজরুলসংগীত), সৈয়দ শামসুল হক (কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক), রাজ্জাক (অভিনেতা), রুনা লায়লা (সংগীতশিল্পী), সাঈদা খানম (ফটোসাংবাদিক), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক) ও হুমায়ূন আহমেদ (কথাসাহিত্যিক-মরণোত্তর)।
সম্মাননা গ্রহণ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি ছাড়া সকলেই এখানে গুণী, বরেণ্য ব্যক্তি। জানি না কীভাবে হলো, এটা বেমানান। আমি রাজনীতি করি। বঙ্গবন্ধুর স্নেহে আমি ধন্য। এটাই আমার বড় পাওয়া।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘যেকোনো সম্মাননা আন্তরিকভাবে জানালে সম্মানিত ব্যক্তি গভীর সম্মান অনুভব করেন। এখানে যেভাবে আন্তরিকতার সঙ্গে সম্মাননা জানানো হয়েছে, আমি আপ্লুত হয়েছি।’
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিন জুয়েলার্সের চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘যাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে, তাঁদের জীবন ও কর্ম অনুসরণ করে আমরা এগিয়ে যেতে চাই। এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধিশালী, যেখানে ধর্মের নামে, রাজনীতির নামে সন্ত্রাস থাকবে না।’
পরে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়।