২৭ ঘণ্টা পর তাঁকে রেখে গেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুলে নেওয়ার ২৭ ঘণ্টা পর দিনাজপুরের ঘোড়াঘাটের শাহিনুর আলমকে (৩০) রেখে গেছেন অপহরণকারী ব্যক্তিরা। গত শুক্রবার রাত ১০টার দিকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তাঁকে উপজেলার রানীগঞ্জ বাজার থেকে জোর করে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে জেলার বিরামপুর উপজেলার বিজুল গ্রামে তাঁকে রেখে যান তাঁরা।

শাহিনুর আলম ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

এ নিয়ে গতকাল প্রথম আলো অনলাইনে ‘ঘোড়াঘাট থেকে ওই ব্যক্তিকে তুলে নিল কারা?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহিনুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁকে মাইক্রোবাসে উঠিয়েই চোখ বেঁধে ফেলা হয়। দীর্ঘ সময় মাইক্রোবাসে করে নিয়ে একটি কক্ষে চোখ বেঁধে রাখা হয়। কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। মুক্তিপণও দাবি করেননি কেউ। শুধু একজন যুবক তাঁকে সময়মতো খাবার দিয়ে যেতো। খাবার সময়টুকুতে চোখের বাঁধন খুলে দেওয়া হতো। তাঁর ভাষ্য, গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁর চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে বিরামপুরের একটি গ্রামে রেখে যাওয়া হয়। তিনি একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে জানতে পারেন, গ্রামটির নাম বিজুল। রাতে সেখানে অবস্থান করার পর আজ সকালে তিনি বাড়ি ফেরেন।

কারা আপনাকে তুলে নিয়ে গিয়েছিলেন—জানতে চাইলে শাহিনুর বলেন, ‘আমি কোনো কিছুই ধারণা করতে পারছি না।’

ঘটনা সম্পর্ক শাহিনুর আলমের ফুপাতো ভাই ইসমাইল হোসেন প্রথম আলোকে জানান, শাহিনুর আলম নরসিংদীর ঘোড়াশালে চাকরি করেন। কয়েক দিন আগে ছুটিতে তিনি বাড়ি যান। শুক্রবার রাতে কর্মস্থলে ফেরার জন্য বাস কাউন্টারে গিয়ে এই ঘটনার মধ্যে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও শাহিনুরের ভগ্নিপতি আবদুস সবুর প্রথম আলোকে বলেন, তিনি ও শাহিনুর রানীগঞ্জ বাজারে বাস কাউন্টারের পাশে চা পান করছিলেন। এ সময় সাদা রঙের বড় মাইক্রোবাস তাঁদের সামনে দাঁড়ায়। সাদা পোশাকের দুজন সেখান থেকে নেমে শাহিনুরকে মাইক্রোবাসে তুলে বিরামপুরের দিকে চাল যান।

ওই রাতে র‌্যাব, ডিবি ও পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছিলেন, শুক্রবার রাতে ঘোড়াঘাট থেকে কোনো ব্যক্তিতে তুলে নেননি তাঁরা।
আরও পড়ুন...
ঘোড়াঘাট থেকে ওই ব্যক্তিকে তুলে নিল কারা?