২৭ ঘণ্টা পর মুক্তি পেলেন ব্যবসায়ী খসরু
২৭ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জে পোশাক কারখানার স্টক লটের ব্যবসায়ী খসরু তালুকদার। গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে চোখ বাঁধা অবস্থায় একটি মাইক্রোবাস থেকে তাঁকে নামিয়ে দেন অজ্ঞাতনামা ব্যক্তিরা।এর আগে একইভাবে গত কয়েক বছরে অনেকেই নিখোঁজ হলেও খসরুই প্রথম জীবিত অবস্থায় ফিরলেন। নিখোঁজের পর লাশ হয়ে ফিরেছেন তরুণ ব্যবসায়ী আশিক ইসলাম, তরুণ নাট্যকার দিদারুল আলম, ব্যবসায়ী প্রাণ গোবিন্দ সাহা ওরফে ভুলু সাহা এবং সর্বশেষ তানভীর মুহামঞ্চদ ত্বকী।ব্যবসায়ী খসরু নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের সমর্থক হিসেবে পরিচিত।জেলা পুলিশের একটি সূত্র গতকাল বুধবার জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য খসরুকে ঢাকার কার্যালয়ে নিয়ে গিয়ে নারায়ণগঞ্জে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে আবার নারায়ণগঞ্জে এনে ছেড়ে দেন।খসরুর পরিবার জানায়, মাইক্রোবাস থেকে নামানোর পর খসরু চোখের বাঁধন খুলে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সহায়তা চান। একজনের মুঠোফোন থেকে স্ত্রী মেঘলা তালুকদারকে ফোন করে তিনি নিজের অবস্থান জানান। খবর পেয়ে তাঁর ভাইয়েরা বাসায় নিয়ে আসেন।গতকাল বেলা ১১টায় শহরের আমলাপাড়ার কে সি নাগ রোড এলাকার বাসায় গিয়ে কথা হয় খসরু তালুকদারের সঙ্গে। তিনি বলেন, সোমবার রাত পৌনে ১১টায় তিনি বালুর মাঠের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে দুজন অপরিচিত লোক তাঁর নাম ধরে ডেকে কাঁধে হাত রেখে কথা বলতে বলতে একটি মাইক্রোবাসের কাছে নিয়ে যান। জোর করে মাইক্রোবাসে উঠিয়েই চোখে কালো কাপড় ও হাতকড়া (হ্যান্ডকাফ) পরিয়ে ফেলেন। পরে গাড়িতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো একটি বাহিনীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চোখ বাঁধা অবস্থাতেই নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ এবং শারীরিক নির্যাতন করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত দুইটায় তাঁকে মাইক্রোবাসে করে চোখ বাঁধা অবস্থায় নামিয়ে দেওয়া হয়। তবে আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে থাকা দুটি মুঠোফোন ও সাড়ে ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়নি।কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেননি খসরু।খসরুর ফেরার খবর পেয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের সকালে তাঁর বাসায় গিয়ে কথা বলেন। ওসি মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, ‘খসরুকে কারা উঠিয়ে নিয়েছিলেন, সে ব্যাপারে তিনি কোনো ধারণা দিতে পারেননি। কারণ, নেওয়া থেকে শুরু করে ছেড়ে দেওয়া পর্যন্ত তাঁর চোখ বাঁধা ছিল।’