চট্টগ্রামে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে নারী প্রার্থীদের মধ্যে আটজনের নামে মামলা রয়েছে। এর মধ্যে পাঁচজন বিএনপি-সমর্থিত এবং তিনজন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। চট্টগ্রামে নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ড ১৪টি।
প্রতিদ্বন্দ্বী ৬১ নারী প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, তাঁদের মধ্যে গৃহিণী ২৭ জন। ব্যবসায়ী ১১ জন। পেশার ঘরে প্রযোজ্য নয় লিখেছেন ১২ জন। বাকিদের মধ্যে আইনজীবী, শিক্ষক, এনজিওকর্মী, বিমাপ্রতিষ্ঠানের মাঠকর্মীও রয়েছেন। দুজন বলেছেন, তাঁদের পেশা সমাজসেবা।
প্রার্থীদের মধ্যে স্নাতকোত্তর নয়জন, স্নাতক পাঁচজন, এইচএসসি আট, এসএসসি ১২, দশম শ্রেণি একজন, নবম শ্রেণি একজন, অষ্টম শ্রেণি আটজন, পঞ্চম শ্রেণি একজন, স্বাক্ষরজ্ঞান ছয়জন, স্বশিক্ষিত নয়জন, একজন কিছুই উল্লেখ করেননি।
পেশা হিসেবে যাঁরা ব্যবসা উল্লেখ করেছেন, তাঁদের বেশির ভাগই বুটিক, বিউটি পারলার ব্যবসার সঙ্গে জড়িত।
নারী প্রার্থীদের প্রায় সবারই অস্থাবর সম্পদ থাকলেও স্থাবর সম্পদ রয়েছে মাত্র ১৮ জনের। ব্যবসা, চাকরি ও স্থাবর সম্পত্তি থেকে আয় দেখিয়েছেন ৩২ জন।
বিএনপি-সমর্থিত পাঁচ প্রার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গাড়ি পোড়ানো, জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা, পুলিশের কাজে বাধা দান, ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে। তাঁদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রী ও গতবারের বিজয়ী কাউন্সিলর মনোয়ারা বেগম মনির বিরুদ্ধে দুটি, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিএনপি কর্মী সখিনা বেগমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ ছাড়া নগর মহিলা দলের সহসভানেত্রী ও ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহিদা খানম, ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী বিএনপি কর্মী নূর মিনারা নার্গিস ও মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুলতানা বেগমের নামে একটি করে মামলা রয়েছে।
মামলার বিষয়ে সুলতানা বেগম বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানি করতে মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে। ঘটনার দিন আমি চট্টগ্রামেই ছিলাম না। অথচ আমার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা দিল। চার বছর ধরে এ মামলার জের টেনে যাচ্ছি।’
আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুজন গতবারের বিজয়ী কাউন্সিলর। ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাহেদা কাশেমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী নীলু নাগের বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের মামলা রয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আয় সংরক্ষিত ৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেদা কাশেম। তিনি গত নির্বাচনেও জয়ী হন। তাঁর বার্ষিক আয় ১২ লাখ ৭৫ হাজার টাকা। ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ৯৫ হাজার টাকা, কাউন্সিলর ভাতা ১ লাখ ৮০ হাজার এবং অন্যান্য আয় ১০ লাখ টাকা। গত নির্বাচনে হলফনামায় তাঁর বার্ষিক আয় উল্লেখ করা ছিল ১ লাখ ৮৭ হাজার টাকা। পাঁচ বছরের ব্যবধানে তাঁর আয় বেড়েছে ১০ লাখ ৮৮ হাজার টাকা।
এ বিষয়ে সাহেদা কাশেম বলেন, ‘হলফনামাটি আমার ইনকাম ট্যাক্স আইনজীবী তৈরি করে দিয়েছেন। বাড়িভাড়া পাচ্ছি বলে এবার আমার আয় বেড়েছে। তবে কোন খাতে কীভাবে আয় দেখানো হয়েছে, এটি আসলে আইনজীবী ভালো বলতে পারবেন।’
নারী প্রার্থীদের মধ্যে অস্থাবর সম্পদেও এগিয়ে রয়েছেন সাহেদা কাশেম। তাঁর হাতে নগদ রয়েছে ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকে দুই লাখ, স্বর্ণ ও মূল্যবান ধাতু দেখানো হয়েছে ৩৫ তোলা। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর রয়েছে চার গন্ডা জমি ও ১৬ দশমিক ৩৩ শতক জমির ওপর দোতলা বাড়ি।
সবচেয়ে কম সম্পত্তি দেখিয়েছেন ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রোকসানা বেগম ও ৮ নম্বরের প্রার্থী নীলু নাগ। তাঁদের দুজনেরই কোনো আয় নেই বলে উল্লেখ করেছেন।
ফ্ল্যাট বা বাড়ির মালিকানা রয়েছে নয়জনের। আর ব্যক্তিগত গাড়ির মালিকানা আছে মাত্র দুজনের। এঁদের একজন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস বেগম। গতবার নির্বাচিত হওয়া এই প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম তুলনামূলকভাবে রক্ষণশীল, এখানকার নারীরা পেশা বা আয়ের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। আমি নিজেও গৃহিণী, স্বামীর কল্যাণে গাড়ির মালিক হয়েছি।’
৫ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর মনোয়ারা বেগমের অস্থাবর সম্পদের মধ্যে দুটি ফ্ল্যাট দেখিয়েছেন। গত নির্বাচনে হলফনামায় দেখিয়েছিলেন একটি ফ্ল্যাট। যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘বোনের জন্য আমার নামে একটি অ্যাপার্টমেন্ট কেনা হয়েছে।’
নারী কাউন্সিলররা উন্নয়ন ও নীতিনির্ধারণে কতটা ভূমিকা রাখেন, এ বিষয়ে চট্টগ্রাম সচেতন নাগরিক কমিটির সহসভাপতি জেসমিন সুলতানা বলেন, ‘একটা সময়ে সংরক্ষিত পদ আক্ষরিক অর্থেই আলংকারিক ছিল, তাঁদের কোনো ক্ষমতা ছিল না। কিন্তু এখন কিছুটা পরিবর্তন এসেছে। নারী কাউন্সিলরদের বিভিন্ন কমিটিতে রাখা হচ্ছে, উন্নয়নকাজের জন্য কিছু টাকাও পাচ্ছেন তাঁরা। তবে নারী কাউন্সিলরদের নিজেদের অধিকার আদায়ের বিষয়ে আরও সোচ্চার হতে হবে।’
২০১০ সালের নির্বাচনে ১৪টি সংরক্ষিত কাউন্সিলর পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১১টি ,বিএনপি সমর্থিতরা দুটি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী একটি ওয়ার্ডে জয়ী হয়। গতবার ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৫৯ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।